জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী ইশতেহারে হিন্দুদের জন্য ৩০টি আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘সমাজের যাঁরা বিশিষ্ট ব্যক্তি, হিন্দুদের মধ্যে যাঁরা বিজ্ঞ ব্যক্তি, তাঁদের সংসদে নিয়ে আসব।’
গতকাল শনিবার দুপুরে বনানীতে নিজের কার্যালয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন।
অনুষ্ঠানে হিন্দু সংস্কার সমিতির সহসভাপতি হিমাদ্রী শেখর রায় আগামী নির্বাচনে ১০০ আসনে হিন্দু প্রার্থী দেওয়ার দাবি করেন। এর জবাবে এরশাদ বলেন, ‘১০০ আসনে হিন্দুদের প্রার্থী করার কথায় আমি খুবই খুশি হয়েছি। ১০০ প্রার্থী যদি ভালো থাকে, আমি ১০০ প্রার্থী আপনাদের মধ্য থেকে দেব।’
জাপার চেয়ারম্যান বলেন, ‘আমি বলেছি, আপনাদের (হিন্দু) জন্য ৩০টি সংরক্ষিত আসন এখন থাকবে। আপনারা এতে খুশি কি না?’ এ সময় উপস্থিত লোকজন ‘খুশি’ বললে তিনি বলেন, ‘প্রশ্ন হলো, আগামী নির্বাচনে আমাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। করবেন তো? মনে রাখবেন, আমি কিন্তু সব দলের ঊর্ধ্বে। আমি আমার দেশের জনগণকে ভালোবাসি, এখানে হিন্দু-মুসলমানের কোনো বিভেদ নেই।’
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জ্যেষ্ঠ নেতা কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাপা চেয়ারম্যানের সংখ্যালঘুবিষয়ক উপদেষ্টা সোমনাথ দে।