হিলারির পক্ষে যুক্তরাষ্ট্র আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেই সমর্থন দেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এ কথা জানিয়ে বলেছেন, হিলারিকে সমর্থনের বিষয়ে তিনি ঢাকার সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেয়েছেন।
সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিমবিরোধী অবস্থান নিয়েছেন। তাঁকে সমর্থনের কথা কেউ ভাবছে না।
সিদ্দিকুর রহমান বলেন, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ক দীর্ঘদিনের। অভিবাসীদের প্রতি অধিক উদার এই দলটির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা সব সময় নিকট-সম্পর্ক বজায় রেখেছেন। আগামী নির্বাচনে তাঁরা কেবল হিলারিকে সমর্থন নয়, কংগ্রেস ও স্থানীয় পর্যায়ের নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টিকে যথাসম্ভব সমর্থন জোগাবেন। ডেমোক্রেটিক পার্টির জন্য চাঁদা সংগ্রহের ব্যাপারেও তাঁরা তৎপর।
হিলারির ব্যাপারে বাংলাদেশিদের ইতিবাচক মনোভাবের ব্যাপারে একই মত পোষণ করেন নিউ জার্সির কাউন্সিলম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূরন নবী। তিনি প্রথম আলোকে বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের পছন্দের প্রার্থী একজনই, তিনি হিলারি ক্লিনটন। সাবেক এই ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বন্ধু হিসেবে সুপরিচিত।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংখ্যালঘুদের কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের পক্ষে মত প্রকাশ করেছেন। সেই সমর্থনের কথা জানিয়ে স্থানীয় বাংলা পত্রপত্রিকায় বেশ কিছু বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। এর কারণ জানতে চাইলে সংখ্যালঘু নেতা শিতাংশু গুহ প্রথম আলোকে বলেন, ‘এখানে আদর্শ বা লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। আমি মনে করি না বাংলাদেশিরা আদর্শ বা ইস্যুর ভিত্তিতে হিলারি বা ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।’