হীনস্বার্থে নেতাদের তড়িঘড়ি বিচার শুরু: বিএনপি
বিএনপি অভিযোগ করেছে, সরকার রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে তড়িঘড়ি করে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপির মহাসচিবসহ দলের নেতাদের বিচারপ্রক্রিয়া শুরু করেছে। সরকারের এসব কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দুরভিসন্ধিমূলক।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন। তিনি দাবি করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপির মহাসচিবসহ নেতা-কর্মীদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান বলেন, বর্তমান সংকটকে গুরুত্ব দিয়ে আলোচনার মাধ্যমে সরকার সংকট সমাধানের উদ্যোগ নেবে বলে বিএনপি আশা করে। নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কমুক্ত রাখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে শামসুজ্জামান বলেন, বিএনপি কখনোই অস্থিরতা পছন্দ করে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি আওয়ামী লীগকে সহযোগিতা করতে চায়। জঙ্গিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য গঠনের জন্য বিএনপি আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চেয়েছে। তিনি খালেদা জিয়ার ওই আহ্বানের প্রতি সৈয়দ আশরাফের দৃষ্টি আকর্ষণ করেন।