হুংকার বাদ দিন, খালেদাকে মতিয়া
বিএনপিকে গণতন্ত্রের পথে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘হুংকার বাদ দেন। গণতন্ত্রের পথে আসেন। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনে সুড়সুড় কইরা আসবেন, আসতে বাধ্য হবেন।’
আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী যুবলীগ আয়োজিত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
‘যেকোনো মূল্যে সরকারের পতন ঘটাতে হবে’—খালেদা জিয়ার এমন বক্তব্যের বিষয়ে মতিয়া বলেন, ‘আপনি পারেন নাই, এখন গুড়াগাড়া পোলাপান নিয়া হুকুম দিতাছেন। অনর্থক এই কোমলমতি বাচ্চাদের মাথাটা খাইয়েন না।’
৫ জানুয়ারি ঘিরে বিএনপির কর্মসূচি ঘোষণার বিষয়ে খালেদা জিয়ার সমালোচনা করেন মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘আপনার কী অবস্থা! তারিখ দিয়ে তারিখ রক্ষা করতে পারেন না। ৫ তারিখে নাকি আপনি সবকিছু কাঁপাইয়া দিবেন। তা এখন আবার ৭ তারিখ গেছেন কেন? এখনো ৫ তারিখের হুংকার দিয়া ৭ তারিখ নিছেন।’ যুবলীগের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বিষধর সাপ। বিড়াল যদি বলে, আমি ভাজা মাছ খাই না। আর ওই হায়েনারা যদি বলে পচা লাশ চায় না। তা বিশ্বাস করলে ঠকতে হবে। যুবলীগ অতন্দ্রপ্রহরীর মতো ৭ জানুয়ারি পাহারা দিতে হবে।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়ামের সদস্য শহীদ সেরনিয়াবাত, মাহবুবুর রহমান, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।