হুইপ আতিউরের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ মো. আতিউর রহমানের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দলের ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর।
গতকাল বুধবার বিকেলে হুমায়ুন কবীর জেলা শহরের খরমপুর এলাকায় স্থাপিত তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির অভিযোগ করেন, সাংসদ আতিউর রহমান গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বারঘরিয়ার বাসভবনে সদর উপজেলার চর মোচারিয়া ও বলাইয়ের চর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান ও ২০ জন সদস্যের সঙ্গে গোপনে বৈঠক করেন। তিনি এ সময় তাঁদের আওয়ামী লীগের প্রার্থী চন্দন কুমার পালকে ভোট দেওয়ার জন্য তাঁদের টিআর, কাবিটা ও কাবিখার বরাদ্দ দেওয়ার প্রলোভন দেন।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবির আরও অভিযোগ করেন, মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের চকবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হুইপ আতিউর চেয়ারম্যান প্রার্থী চন্দন পালসহ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে জরুরি সভা করেন। ওই সভাতেও তিনি (আতিউর) সদর উপজেলার ভোটারদের কাবিটা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত দেন। এ ছাড়া তিনি মুঠোফোনের মাধ্যমে সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি, সুবিধা প্রদান ও আর্থিক সুবিধা দেওয়ার অঙ্গীকার করেছেন।
একজন জনগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আতিউরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং তাঁকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জেলা পরিষদ নির্বাচন নিশ্চিত করতে হুমায়ুন কবীর গতকাল নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও জনপ্রতিনিধিদের বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়ার অভিযোগ অস্বীকার করে হুইপ আতিউর রহমান বলেন, এসব অভিযোগ সত্য নয়। তিনি নির্বাচনী কোনো কাজে অংশ নিচ্ছেন না। সুতরাং আচরণবিধি লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। তিনি অফিস ও গ্রামের বাড়ি ছাড়া অন্য কোথাও যান না। তিনি নির্বাচনী আচরণবিধি জানেন। নির্বাচনী কাজ ছাড়া তিনি অন্য কাজ করতে পারেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. ছানুয়ার হোসেন, সাবেক সহসভাপতি ফকির আক্তারুজ্জামান ও চর শেরপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সুজন তালুকদার। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুন্নাহার কামাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. আবদুল ওয়াদুদ, জেলা জাসদ (ইনু) সভাপতি মো. মনিরুল ইসলাম, কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ভোটার- সমর্থকেরা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে শেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ এম পারভেজ রহিম বলেন, হুমায়ুন কবীর একজন অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করেছেন, তাই নির্বাচন কমিশন থেকে যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হবে সেটি তিনি (রিটার্নিং কর্মকর্তা) বাস্তবায়ন করবেন।
হুইপ আতিউর রহমানের ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবীরের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।