হুটহাট বেরোনোয় খালেদাকে নিরাপত্তা দিতে পারি না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুলিশকে কিছু না বলে ‘হুটহাট বেরিয়ে যাওয়ার কারণে’ সরকার তাঁকে নিরাপত্তা দিতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানার নবনির্মিত ভবনের উদ্বোধন ও পুলিশ লাইনে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজধানীর কারওয়ান বাজারে খালেদার গাড়িবহরে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার ওই এলাকার মানুষ সংক্ষুব্ধ ছিল। যে কারণে ওই এলাকায় খালেদা জিয়া নির্বাচনী প্রচারে গেলে মানুষ কালো পতাকা প্রদর্শন করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) আমাদের দলীয় এক নেতাকে টেনে-হিঁচড়ে মারধর করছিল। বিষয়টি দেখে মানুষ ক্ষুব্ধ হয়ে খালেদা জিয়ার গাড়িবহরে চড়াও হয়। ওখানে এর চেয়ে বেশি কিছু ঘটেনি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘খালেদা জিয়া কোথায় যাবেন সেটা আমাদের জানতে হবে। কিন্তু ২০-দলীয় জোট নেত্রী আমাদের পুলিশকে কিছু না বলে হুট-হাট চলে যান। যে কারণে আমরা তাদের নিরাপত্তা দিতে পারি না।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের মামলার বেশ অগ্রগতি হয়েছে। নুর হোসেন ভারতের জেলে আছে। ভারত আশ্বাস দিয়েছে, নূর হোসেনকে ফেরত দেবে। ভারতের কিছু আইনি জটিলতার কারণে তাঁকে ফেরতে দিতে পারছে না। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। যেকোনো সময়, যেকোনো দিন নুর হোসেনকে আমরা পেয়ে যাব।’
সেখানে উপস্থিত থাকা সাংসদ শামীম ওসমান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি বাস পুড়িয়ে মানুষ হত্যা করেন। নিজের ছেলের লাশ ঘরে রেখে রাস্তায় অন্যের ছেলের লাশ ফেলানোর ব্যবস্থা করেন। তার মুখে গণতন্ত্রের কথা মানায় না।
দেশকে অস্থিতিশীল করার জন্য সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘ভাগ্য ভালো আমি স্বরাষ্ট্রমন্ত্রী না। যদি আমি স্বরাষ্ট্র মন্ত্রী হতাম, বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল।’
সাভারে আশুলিয়া ব্যাংক ডাকাতি প্রসঙ্গে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি বলেন, এ ঘটনায় একটি জঙ্গি সংগঠন জড়িত; তাদের বেশির ভাগই ছাত্র শিবিরের সক্রিয় কর্মী। তারা কিছু একটা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্যই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে সুধী সমাবেশ আরও বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলায় বিভিন্ন সময় উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।