বেলা সোয়া দুইটা। বুধবার। পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকের দিকে এগোতেই পেছন থেকে দুই যুবক ‘আপনারা কারা’ বলে ডাক দিলেন। ফটকে কর্তব্যরত দুই পুলিশ সদস্য তাঁদের হাত উঁচিয়ে জানালেন, ‘আমরা দেখছি।’ সাংবাদিক পরিচয় পেয়ে পুলিশ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করার অনুমতি দিল। তাঁর কক্ষে তখন মনোনয়নপত্র জমা দিতে আসা কোনো প্রার্থী ছিলেন না।
রিটার্নিং কর্মকর্তা শাহেদা আক্তার বলেন, তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে একজন করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্য কেউ এখনো আসেননি।
কাজ শেষ করে ফেরার সময় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক মো. কাইয়ুমের কাছে বাধাদানকারী যুবকদের পরিচয় জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সবকিছুই তো বোঝেন। আপনাদের সব বললে তো সমস্যা।’
এর আগে বেলা একটায় ফুলগাজী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েও মনোনয়নপত্র জমা দিতে আসা কোনো প্রার্থীর দেখা মেলেনি। কার্যালয়ের বাইরে কিছু যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল চিরচেনা উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি পরশুরাম ও ফুলগাজী উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্যরা হুমকি ও চাপে রয়েছেন।
পরশুরামের তিনটি ও ফুলগাজীর ছয়টি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রার্থীদের হুমকি-ধমকি ও এক রিটার্নিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বিকেলে নির্বাচন কমিশন ফুলগাজীর ছয়টি ইউপির নির্বাচন স্থগিত করেছে। অন্যদিকে, পরশুরামের তিনটি ইউপির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
জানতে চাইলে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, পরশুরামের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারও (আজ) জমা দেওয়া যাবে। আর ফুলগাজীর ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত চেয়ারম্যান পদে সাতটি মনোনয়নপত্র জমা পড়ে। এই সাতজনের মধ্যে চারজন বিএনপি-সমর্থিত, একজন জাসদ ও অন্য দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা সবাই ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থী। তবে পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যান পদে জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। মঙ্গলবার পরশুরামের বিএনপির তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসে লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠেছে।
ফেনী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কোনো প্রার্থী চাইলে বাড়ি থেকে পাহারা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল মনোনয়নপত্র জমা দেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল করিম। বিকেল চারটার দিকে মনোনয়নপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কার্যালয়ের দোতলায় চার-পাঁচজন যুবক তাঁকে ঘিরে ফেলেন। এ সময় কর্তব্যরত পুলিশ দুই যুবককে আটক করে। ভয়ে জড়সড় আবদুল করিম একপর্যায়ে কর্তব্যরত পুলিশকে বলতে থাকেন, ‘স্যার, আমি প্রত্যাহার করে ফেলব।’ অপেক্ষমাণ যুবকেরা চলে যাওয়ার পর সন্ধ্যা ছয়টার দিকে আবদুল করিম জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
আবদুল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। কিন্তু জমা দিয়ে বের হওয়ার মুহূর্তে আমাকে ধরার জন্য কিছু যুবক ওত পেতে ছিল।’
মো. শহীদুল্লাহ নামে বিএনপি-সমর্থিত ইউপি সদস্য পদপ্রার্থী বলেন, ‘ফুলগাজী উপজেলায় গিয়ে মার খাওয়ার উপক্রম। ওখানে পাহারা বসানো হয়েছে। কাল (মঙ্গলবার) এখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারিনি। এখানেও কয়েকজনকে নাজেহাল করা হয়েছে। আজ জমা দিতে পারলাম।’
ফুলগাজী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং বিএনপি-সমর্থিত প্রার্থী আবুল হোসেন বলেন, ‘আমি উপজেলায় চেষ্টা করেও জমা দিতে পারিনি। আজ জেলা প্রশাসকের এখানে ভয়ে ভয়ে জমা দিলাম।’
চেয়ারম্যান প্রার্থী ছাড়াও গতকাল জেলা প্রশাসনে সাধারণ ইউপি সদস্য পদে ৬৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
গত মঙ্গলবার জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়ন জমা দিতে এসে পরশুরামের তিন ইউপি চেয়ারম্যান প্রার্থী লাঞ্ছিত হন। তাঁদের কাছ থেকে মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানতে চাইলে সদর ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘একবার অপদস্থ হয়েছি। তাই ভয়ে আজ (বুধবার) যাইনি। দেখি কাল (আজ) কী করা যায়।’