হেফাজত ধর্মের নামে বিষবাষ্প ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রাম থিয়েটার ফেডারেশনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেছেন, হেফাজতে ইসলাম ধর্মের নামে বিষবাষ্প ছড়াচ্ছে। তাই হেফাজতকে নিষিদ্ধ করা দরকার।
গতকাল শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। একমুখী শিক্ষা চালু, সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় পাঠদানের দাবি এবং কোচিং নিষিদ্ধের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠন।
কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের যে দাবি করছে, তারও কড়া প্রতিবাদ করেন নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, হেফাজতে ইসলামকে দাঁতভাঙা জবাব দিতে হবে।
মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। তিনি বলেন, তিন ধারার শিক্ষাব্যবস্থা অর্থাৎ মাদ্রাসা শিক্ষা, ইংরেজি মাধ্যমের শিক্ষাপদ্ধতি বিলোপ করে বাংলা শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বিত করে নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তন এখন সময়ের দাবি। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানুষের সম-অধিকারের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িকতামুক্ত একমুখী আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে হবে।