হেফাজত নেতা মঞ্জুরুল ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএমএম আদালত
ফাইল ছবি

হেফাজত নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের সমাবেশকে ঘিরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় এই রায় দেন আদালত।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান। গতকাল রোববার মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। আজ সোমবার আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
রাজধানীর একাধিক থানায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নামে কয়েকটি মামলা আছে। গত ৫ মে মঞ্জুরুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮ মে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।