হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তক পরিবর্তন করায় ভাস্কর্য সরানোর দাবি: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হেফাজতে ইসলামের দাবি মেনে পাঠ্যপুস্তক পরিবর্তন করার ফলেই তারা আজ ভাস্কর্য সরানোর দাবি তুলেছে। 

আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ যুব মৈত্রীর সপ্তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মেনন এ কথা বলেন। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
রাশেদ খান মেনন আরও বলেন, হেফাজতের এই দাবির কাছে আত্মসমর্পণের অর্থ হবে মুক্তিযুদ্ধের সব ভাস্কর্যের অবমাননা। আর এর ফলে দেশে আবার মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির জয়জয়কার হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা হবে চরমভাবে বাধাগ্রস্ত।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, যারা জাতীয় শিক্ষানীতিকে মেনে নেয় না, তাদের সঙ্গে আপস করে পাঠ্যসূচি পরিবর্তন করার ফল ভালো হবে না। জঙ্গিবাদী অপশক্তি প্রগতিশীল লেখক-প্রকাশককে কুপিয়ে হত্যা করেছে। তাই শিক্ষামন্ত্রী চাপাতির ভয়ে মৌলবাদীদের সঙ্গে আপস করতে চাইলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী যুব সমাজ কখনোই তা মেনে নেবে না।
যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য নুর আহম্মদ, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সর্বভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক অভয় মুখার্জী, ভারতীয় বিপ্লবী যুব সংঘের সহসভাপতি নভকিরাম, তুরস্কের পিপিভিওয়াইয়ের সহসভাপতি এলিফ ইলহামগ্লু, জার্মানির ওয়াইএলআরের (এমএল) স্টেফান, ইয়ুথ ফেডারেশন অব নেপালের উপদেষ্টা টপ বাহাদুর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান।