হেফাজতের মাথায় যতই হাত বোলান, ভোট দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার হেফাজতে ইসলামসহ অন্য ইসলামি দলগুলোর সঙ্গে আপস করলেও নির্বাচনে তারা সরকারি দলকে ভোট দেবে না বলে সতর্ক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ সোমবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এসব কথা বলেন।

সরকারকে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, সতর্ক করতে চাই, হেফাজতকে যতই পৃষ্ঠপোষকতা করা হোক, যতই মাথায় হাত বোলানো হোক না কেন, তারা কখনো ভোটের ময়দানে সরকারের পক্ষে দাঁড়াবে না।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি প্রসঙ্গে মেনন এসব কথা বলেন।

মেনন বলেন, ‘শিক্ষায় আমরা বহুদূর এগিয়েছি। মাধ্যমিকে মেয়েদের সংখ্যা অনেক ক্ষেত্রে বেশি। এটা যেমন বাড়ছে, তেমনি চোখ-মুখ ঢাকা ছেলেমেয়ের সংখ্যাও বাড়ছে। এর সঙ্গে যদি নতুন পাঠ্যবই যুক্ত হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাব নতুন প্রজন্ম মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের দিকে আকৃষ্ট হচ্ছে। শিক্ষাক্ষেত্রে এই আপসের ফলে হেফাজত ভাস্কর্য ভাঙার কর্মসূচি দিয়েছে। ১০ মার্চ তারা কর্মসূচি পালন করবে। এরপর দেখব অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য বা মিন্টু রোডে শহীদ পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা যে ভাস্কর্য, তা ভাঙার কর্মসূচি দিচ্ছে।’

রাশেদ খান মেনন আরও বলেন, সরকারের উন্নয়নের মহাসড়কের গাড়িতে যাত্রী কারা? এর মধ্যে কি গরিব মানুষের জায়গা আছে? সমাজে ধনী-গরিব ও শহর-গ্রামের বৈষম্য প্রতিদিন বেড়েই চলছে। সমতা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে না। স্লোগান উঠেছে, শেখ হাসিনার দীক্ষা, মানসম্মত শিক্ষা। কিন্তু হাজার হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারছে না। এ নিয়ে ভাবনাচিন্তা না করলে ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে জন্ম নেবে।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ব্যাংকিং খাতে লুটপাট না হলে বাংলাদেশ আরও আগে মধ্য আয়ের দেশ হতে পারত। পত্রিকায় দেখলাম, এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ। সরকার আবার এর মধ্যে ৪২ হাজার কোটি টাকা অবলোপন করেছে। এই টাকা কার? এ টাকা জনগণের, সরকারের নয়। তিরি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস-সংযোগের অপ্রতুলতার কারণে দেশে বিদেশি বিনিয়োগ আসছে না। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও বাস্তবে পিক-আওয়ারে ৯-১০ হাজার থাকে। অবকাঠামোগত সুবিধা নেই। দেশীয় বিনিয়োগকারীরা যদি বিনিয়োগের সুযোগ না পায়, তাহলে বিদেশিরা আসবে কীভাবে?

সম্প্রতি বাসশ্রমিকদের ধর্মঘটের প্রসঙ্গে জিয়াউদ্দিন বাবলু বলেন, আদালত শাস্তি দিলে ধর্মঘট ডাকে। সরকারের মন্ত্রীরা আবার এতে যুক্ত থাকেন, এটা দুর্ভাগ্যজনক।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনা শেষে সংসদের অধিবেশন আগামীকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।