হেফাজতে ইসলামের সঙ্গে আপস করে মৌলবাদ দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি স্পিকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ শওকত আলী। তিনি বলেন, হেফাজতে ইসলাম এখন যুদ্ধবিরতি দিয়েছে। সময়মতো মাথাচাড়া দিয়ে উঠবে।
সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গতকাল শনিবার শওকত আলী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মোকাবিলা বিষয়ে এই আলোচনা সভা হয়। সভায় তিনি বলেন, বাংলাদেশে দু-চারজন আইএস সদস্য ধরা পড়েছে। এর অর্থ এই নয়, বাংলাদেশ দখল হয়ে গেছে। তবে বসে থাকলেও চলবে না। সময় থাকতে মৌলবাদকে দমন করতে হবে। সরকার তৎপর হলে তা করা সম্ভব।
অনুষ্ঠানের ধারণাপত্রে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য জিয়াউদ্দিন তারেক আলী বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় ইতস্তত করার সুযোগ নেই। জঙ্গিবাদ কোনো ধর্মের ধারক বা বাহক নয়। দেশে যোগ্য বিরোধী দলের অভাবে ক্ষমতাসীন দলের অসহিষ্ণুতা বাড়ছে। নারী লাঞ্ছনার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা হতাশাজনক।
সভায় বক্তব্য দেন সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য সারওয়ার আলী, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ।