হেফাজত-ঘনিষ্ঠতা সরকারের ভোটের রাজনীতি: বিএনপি
হেফাজতে ইসলামসহ কওমি আলেমদের সঙ্গে সরকারের নতুন করে ঘনিষ্ঠতাকে ‘ভোটের রাজনীতি’ হিসেবে দেখছে বিএনপি। তারা মনে করছে, জনগণের আস্থা হারিয়ে আওয়ামী লীগ এখন ধর্মীয় এই গোষ্ঠীকে তুষ্ট রেখে যেনতেনভাবে একটি নির্বাচন করতে চাইছে। তাই তাদের ‘ন্যায্য-অন্যায্য’ সব দাবিতে সায় দিচ্ছে ক্ষমতাসীন দল।
তবে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট (একাংশ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরানো, পাঠ্যবইয়ে পরিবর্তন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতির বিষয়ে সরকারের অবস্থানে সন্তোষ প্রকাশ করলেও সেটা প্রকাশ্যে বলছে না। এই দলগুলোও হেফাজতের মতো পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে।
বিএনপির নেতারা বলছেন, যখন কোনো সরকারের প্রতি জনগণের আস্থা থাকে না, তখন সেই সরকার মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তখন সরকারকে নানাভাবে নানা শ্রেণি-গোষ্ঠীকে তুষ্ট রাখার দায় পড়ে। এখন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য, পাঠ্যবইয়ে পরিবর্তন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি বা পয়লা বৈশাখ উদ্যাপন নিয়ে যে বিতর্কের ঝড় তোলা হয়েছে, এসব তারই অংশ। আগামী সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকার এ বিষয়গুলোকে সামনে এনে ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এটা শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থে করছেন। তাঁরা যে ধর্মনিরপেক্ষতার কথা বলেন, এসব তার সঙ্গে সাংঘর্ষিক। এর আগে একটি ইসলামি দলের সঙ্গে তাঁরা স্পর্শকাতর চুক্তি করেছিলেন, কিন্তু সামান্যতম বাস্তবায়িত হয়নি। ওই সময়ও তাঁরা রাজনৈতিক স্বার্থে চুক্তি করেছিলেন, এখনো তাই করছেন।
অবশ্য সুপ্রিম কোর্টের ভাস্কর্য, পাঠ্যবইয়ে পরিবর্তন এবং বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদ্যাপন নিয়ে বিএনপির অবস্থান কী, তা নেতারা স্পষ্ট করেননি। প্রধানমন্ত্রী বলেছেন, ভাস্কর্যটি অপসারণ হওয়া উচিত, বিএনপির অবস্থান কী? গত বুধবার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘কেউ এসে মূর্তি নিয়ে আমাদের সঙ্গে কথা বলেনি। এটা তো আমাদের ব্যাপার না, সুপ্রিম কোর্ট অঙ্গন। কাজেই প্রধান বিচারপতির দায়িত্ব উনি কী করবেন না করবেন।’
বিএনপির নেতা খন্দকার মোশাররফ প্রশ্ন রেখে বলেন, ‘সরকারপ্রধানের সম্মতি ছাড়া কি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারীর মূর্তি স্থাপন করেছেন? তিনি (প্রধানমন্ত্রী) এখন আবার এটি সরানোর কথা বলছেন।’
বিএনপির শীর্ষস্থানীয় নেতারা মনে করেন, আগামী নির্বাচনে ভোটের জন্য সরকার আলেমদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। এ জন্য ‘তেঁতুল হুজুর’ বলে যাঁদের একসময় গালমন্দ করেছিলেন সরকারের মন্ত্রী-নেতারা, এখন তাঁদের পাশে বসিয়ে আদর-আপ্যায়ন করছেন। এরপরও তাঁরা লাভবান হবে না। কারণ তাঁদের প্রতি জনগণের আস্থা নেই।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, পাঠ্যবইয়ে পরিবর্তন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি বা বাংলা নববর্ষ উদ্যাপন—এসব কোনো দল বা গোষ্ঠীর ব্যাপার না, জাতীয় ঐকমত্যের বিষয়। আওয়ামী লীগ এর তোয়াক্কা করছে না।
এদিকে ‘মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের সংশ্লিষ্টতা নেই’—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের নিন্দা জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, হিন্দু সমাজে শ্রীকৃষ্ণের জন্মদিনে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। তারা তাদের বিশ্বাস অনুযায়ী মঙ্গলের প্রতীক হিসেবে পেঁচা, রামের বাহন হিসেবে হনুমান, দুর্গার বাহন হিসেবে সিংহের মুখোশ ও দেবতার প্রতীক হিসেবে সূর্য এবং অন্যান্য জীব-জন্তুর মুখোশ পরে শোভাযাত্রা করে। এর সঙ্গে বাংলা নববর্ষের কোনো সম্পর্ক নেই।
তবে জামায়াতের আমির মকবুল আহমাদ গতকাল বুধবার দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
২০-দলীয় জোটের শরিক দল খেলাফতে মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য সরানো, পাঠ্যবইয়ে পরিবর্তন ও কওমি শিক্ষার স্বীকৃতিকে শুভলক্ষণ বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার বাস্তবতা বুঝে এসব পদক্ষেপ নিয়েছে। এসবের পেছনে ভোটের রাজনীতি তো অবশ্যই আছে। এরপর আমরা সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানাই। এখন আমরা দেখব, এর বাস্তবায়ন করে কি না।’
পাঠ্যবই, ভাস্কর্য নিয়ে সরকারের অবস্থানকে যুক্তিযুক্ত বলে মনে করে প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐকজোট। দলটি গত বছরের জানুয়ারিতে বিএনপির জোট থেকে বেরিয়ে আসে।
ইসলামী ঐকজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘যে কাজটি করলে জনগণের আশা-আকাঙক্ষা প্রতিফলন হয়, সে কাজটিই করা উচিত সরকারের। আমরা মনে করি, সরকার সে কাজটিই করে যাচ্ছে। এটাই যুক্তিযুক্ত।’