হোমনা উপজেলা আ.লীগের সভাপতিকে কারণ দর্শাও
কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল। যুবলীগের এক নেতা হত্যা মামলার আসামিকে আওয়ামী লীগে যোগদান করানো এবং ইউনিয়ন পর্যায়ের বর্ধিত সভা স্থগিত করার ঘটনায় গত শনিবার তিনি তাঁকে এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, উপজেলার আসাদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠানকে আওয়ামী লীগে যোগদান করান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ। গত ১০ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত মোতাবেক এ মাসের ১০ থেকে ২৭ তারিখের মধ্যে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বর্ধিত সভা হওয়ার কথা। বর্ধিত সভা শুরু হওয়ার ঠিক আগে ১০ জুলাই এক চিঠির মাধ্যমে বর্ধিত সভা স্থগিত করেন সভাপতি। সভাপতির এককভাবে বর্ধিত সভা স্থগিত করা সংগঠনবিরোধী বলে নোটিশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে আসাদপুর ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান বলেন, ‘কয়েক দিন আগে মজিদ সাহেবের জয়নগর গ্রামের বাড়িতে মজিদ সাহেবের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। তারিখটি মনে নেই।’ তিনি দাবি করেন, ‘মোসলেম হত্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে আমাকে আসামি করা হয়েছে। এই হত্যা মামলায় রায় হয়নি। তা ছাড়া বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে। আমি নির্দোষ।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ বলেন, ‘আমি শুনেছি কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি আমাকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠি আমি এখনো পাইনি। জেলা আওয়ামী লীগের ফোরামে কোনো আলোচনা ছাড়া সভাপতি এককভাবে কোনো চিঠি আমাকে দিতে পারেন না। আমি যদি কোনো দোষ করে থাকি আমাকে মৌখিকভাবে সতর্ক করতে পারে জেলা আওয়ামী লীগ অথবা আমার সঙ্গে আলোচনা করতে পারে তারা।’
কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি সোমবার বলেন, সংগঠনবিরোধী কিছু কাজ করায় হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদকে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শাতে চিঠি দেওয়া হয়েছে।