হোমনার দুই ইউপিতে বিএনপির ভোট বর্জন
কুমিল্লার হোমনা উপজেলায় ভোট কারচুপির অভিযোগে দুটি ইউনিয়নে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মাথাভাঙ্গা ও বেলা সাড়ে ১১টার দিকে চান্দেরচর ইউনিয়নের বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেন। তাঁরা ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান।
মাথাভাঙ্গা ইউনিয়নের বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী মো. নাজিরুল হক ভূঁইয়ার পক্ষের লোকজন সাতটি (১ থেকে ৭ নম্বর পর্যন্ত) ভোটকেন্দ্র দখল করে এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে সকালেই বের করে দেন এবং সাধারণ ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। পরে সকাল ১০টার দিকে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেন। জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কারচুপি করায় ভোট বর্জন করেছি।’ ভোট বাতিল করে পুনরায় ভোট দাবি করেন তিনি।
চান্দেরচর ইউনিয়ন বিএনপির প্রার্থী আবদুল কুদ্দুছ বলেন, ‘ইউনিয়নের নয়টি কেন্দ্রের সব কটিই আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সকালে দখল করে নিয়ে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমি দুটি কেন্দ্রে গেলে আমাকে বের করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন।’
মাথাভাঙ্গা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘আমি শুনেছি বিএনপির প্রার্থী সকালে ভোট বর্জন করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ভোট নিতে, কিন্তু তিনি যদি সকালেই ভোট ছেড়ে দেন আমাদেরই বা কী করার থাকে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘চান্দেরচর ইউনিয়নের বিএনপির প্রার্থী ভোট বর্জন করে আমাকে ফোনে জানিয়েছেন।’
মো. আবুল বাশার বলেন, ‘বিএনপির প্রার্থী ভোট বর্জন করেছেন, এমনটি শুনিনি। তবে কোনো কারচুপি হয়নি, জনগণ ভোট দিয়েছে।’
নাজিরুল হক ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ দিয়েছেন।