হোমনায় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনটি ইউপিতে পাঁচজন প্রার্থী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছেন। ইউপিগুলো হলো দুলালপুর, মাথাভাঙ্গা ও জয়পুর।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুর ইউপিতে বিএনপির প্রার্থী আবদুল আজিজ সাব মিয়া, আওয়ামী লীগের তাজুল ইসলাম, মাথাভাঙ্গায় বিএনপির মো. জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের মো. নাজিরুল হক ভূঁইয়া, দুলালপুর ইউপিদে বিএনপির জামাল উদ্দিন সরকার ও আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন সওদাগর।
আবদুল আজিজ সাব মিয়া বলেন, ‘আমাদের প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা বাধা দিয়ে আসছে। আমাদের কর্মীদের মারধর করছে। এলাকায় পোস্টার টানাতে বাধা দিচ্ছে। আমরা খুব ভীতিকর অবস্থায় আছি। প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি।’
তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আবদুল আজিজ সাব মিয়া আমার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে।’
জাহাঙ্গীর আলম মোল্লা অভিযোগ করেন, ‘আমাকে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা এলাকায় প্রচারণা চালাতে বাধা দিচ্ছে এবং আমাকে এলাকায় যেতে দিচ্ছে না। আমি নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
আওয়ামী লীগের প্রার্থী নাজিরুল হক ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এবং আমার সমর্থকেরা কাউকে কোনো হুমকি বা বাধা দিচ্ছি না। প্রতিপক্ষ এলাকায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
জামাল উদ্দিন সরকারের ভাই জালাল উদ্দিন সরকার বলেন, এলাকায় প্রচারণা চালাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বাধা দিচ্ছে এবং ভোট কেটে নেওয়ার হুমকি দিচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থী মো. জসিম উদ্দিন সওদাগর বলেন, ‘প্রচারণায় আমি কাউকে বাধা দিইনি কিংবা ভোট কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে সব অভিযোগ থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়ে আমাদের অবহিত করার কথা।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বলেন, ‘আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি, অভিযোগগুলোর তদন্ত চলছে, অভিযোগের সত্য-মিথ্যা যাই হোক আমরা আইনগত ব্যবস্থা নেব।’