হোসনি দালানে হামলার তদন্ত দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া থেকে পবিত্র আশুরা উপলক্ষে মিছিল শুরু করার প্রাক্কালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। অবিলম্বে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।
আজ শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
বিএনপির এই নেতা বলেন, ‘হোসনি দালানের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ব্যাপারে নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করছি।’
হোসনি দালানের ঘটনায় নিহত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা করেন মির্জা ফখরুল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনার জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।
ব্রিফিং শেষে ফখরুলের কাছে এক সাংবাদিক জানতে চান, পুলিশের আইজিপি বোমা হামলার ঘটনার সঙ্গে পরোক্ষভাবে বিএনপিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, যারা এএসআইকে হত্যা করেছে, তারাই এ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।
জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ওনারা তো সরকারি দলের লোকজনের মতো কথাবার্তা বলছেন। আমাদের বিষয়টা পরিষ্কার। আমরা এ ধরনের ঘটনার শুধু নিন্দা নয়, তীব্র নিন্দা জানিয়ে আসছি। আমাদের অবস্থান হলো যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা দরকার। আমাদের দেশে অভিজ্ঞতা সম্পন্ন অনেক লোক আছেন, যাদের মাধ্যমে এটা সম্ভব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সাজা দিতে না পারলে এক সময় ফ্রাংকেনস্টাইন হয়ে উঠবে। হাতের বাইরে চলে যাবে।’
শুক্রবার গভীর রাতে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসনি দালান ইমামবাড়ায় বোমা হামলায় একজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে এই প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ নিলেন।