হ্যাকিং নয়, 'ডিজিটাল ডাকাতি' হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০ কোটি ১০ লাখ ডলার লুটের ঘটনা হ্যাকিং নয়, এটি ‘ডিজিটাল ডাকাতি’। সুইফট নেটওয়ার্কে ব্যাংকের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সম্পৃক্ততা ছাড়া এ লুণ্ঠন অসম্ভব।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে উপস্থাপন করা এক বিশ্লেষণমূলক পর্যালোচনায় এ অভিমত তুলে ধরা হয়। এতে ফিলিপাইনের রিজাল ব্যাংক ও শ্রীলঙ্কার প্যানএশিয়া ব্যাংকে ৮০০ কোটি টাকা স্থানান্তরের বিষয়টি তথ্য-উপাত্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয়।
দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র থেকে কম্পিউটারবিজ্ঞানে উচ্চতর সনদপ্রাপ্ত শামা ওবায়েদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে এ বিশ্লেষণ তুলে ধরেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বিএনপি বিশ্লেষণপত্রে বলেছে, সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) সম্পূর্ণভাবে রুদ্ধ, নিরাপদ ও সুরক্ষিত একটি নেটওয়ার্ক। যাদের কাছে সুইফটের সরবরাহ করা চাবি ও পাসওয়ার্ড আছে, তারা ছাড়া অন্য কারও সুইফটে অনুপ্রবেশ সম্ভব নয়। এখন টাকা লুটের ঘটনা লুকানোর জন্যই ম্যালওয়্যার বা হ্যাকিং-তত্ত্ব সামনে আনা হয়েছে।
বিশ্লেষণপত্রে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত সুইফট নেট টার্মিনাল বা কম্পিউটার শুধু বার্তা আদান-প্রদানের কাজে ব্যবহার হয়। এর প্রত্যেক সদস্য ব্যাংক একটি একক পরিচিত কোড পায়, যার মাধ্যমে তারা সুইফট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারে। এই সুইফট নেটে লগইনের জন্য তাদের সরবরাহ করা পেন ড্রাইভ-সদৃশ একটি চাবি বাস্তবে কম্পিউটারে প্রবেশ করাতে হয়। এরপর অনুমোদিত ব্যবহারকারীর পাসওয়ার্ড লাগে। এটি তখনই লগইন হয়, যখন ওই চাবি ও পাসওয়ার্ড দুটোই একত্রে থাকে। এ ছাড়া সুইফটে লগইন করতে একটি ব্যাংকের সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার বায়োমেট্রিক বা আঙুলের ছাপও প্রয়োজন হয়। বিশ্বের ১০ হাজারেরও বেশি আর্থিক প্রতিষ্ঠান এই নেটওয়ার্কে লেনদেন করে।
বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ম্যাট বিশপের কথা বলেন শামা ওবায়েদ। ম্যাট বিশপ সুইফট নেটওয়ার্কে ম্যালওয়্যার প্রবেশের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, কেবল অনুমোদিত ব্যক্তিরাই সুইফট নেট ব্যবহার করতে পারেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কে বার্তাটি পাঠিয়েছিল, তা লগ ফাইলে বহাল আছে। কারণ, এ বার্তা অমোচনীয়।
বিশ্লেষণমূলক পর্যালোচনা উপস্থাপন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘রিজার্ভের টাকা লুটের ঘটনায় সরকার এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আমরা গবেষণা করে যা পেয়েছি, তা তুলে ধরেছি।’
দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি কোনো লুকোচুরির বিষয় না। এটি নিয়ে ফিলিপাইনে তোলপাড় হয়ে যাচ্ছে। বাংলাদেশে কী হচ্ছে।