হয়তো এটাই শেষ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে রওশন এরশাদের বক্তব্যের সময় দলের নেতা-কর্মীদের একটি অংশ এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় রওশন বিব্রতকর অবস্থায় পড়লে এরশাদ চেয়ার ছেড়ে স্ত্রীর পাশে দাঁড়ান l ছবি: প্রথম আলো
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে রওশন এরশাদের বক্তব্যের সময় দলের নেতা-কর্মীদের একটি অংশ এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় রওশন বিব্রতকর অবস্থায় পড়লে এরশাদ চেয়ার ছেড়ে স্ত্রীর পাশে দাঁড়ান l ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, তাঁর জীবনের শেষ চাওয়া জাতীয় পার্টিকে আরেকবার ক্ষমতায় নেওয়া। গতকাল রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনের প্রতি ইঙ্গিত করে নেতা-কর্মীদের উদ্দেশে এইচ এম এরশাদ বলেন, ‘আমি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হয়তো এটাই শেষ নির্বাচন। আমি তোমাদের মাঝে থাকতে চাই। আমাকে বাঁচাতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। আমাকে নতুন জীবন দাও।’
এরশাদ এককভাবে নির্বাচন করার কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা একক নির্বাচনে ফলাফল ভালো করেছিলাম। জোটগত নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের আসন কমেছে। তাই এবার আমরা এককভাবে নির্বাচন করব।’ তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য শক্তি প্রয়োজন। দলকে শক্তিশালী করো। ক্ষমতার দুয়ারে আমরা অবশ্যই পৌঁছাব।’
‘ক্ষমতায় গেলে আমরা কী করব, আমরা কী দেব’, এমন প্রশ্ন তুলে এরশাদ বলেন, ‘আমরা প্রাদেশিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করব। বর্তমান নির্বাচনপদ্ধতি পরিবর্তন করব। পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করব। বিচারব্যবস্থা জনগণের কাছে নিয়ে যাব। ঘরে ঘরে বিদ্যুৎ দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রত্যেক উপজেলায় গুচ্ছগ্রাম করব।’
সংখ্যালঘুদের নির্যাতনের উল্লেখ করে এরশাদ বলেন, আজকে কেন হিন্দুরা নিগৃহীত। কেন তাদের জমি-ঘর দখল করা হচ্ছে। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারলে সংখ্যালঘুদের জন্য সংসদে প্রতিনিধিত্ব থাকবে, তাদের জন্য উচ্চশিক্ষা ও চাকরির কোটা থাকবে।
সমাবেশে উত্তেজনা: এরশাদের আগে জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও সভাপতিমণ্ডলীর সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন। এ সময় এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে নেতা-কর্মীরা স্লোগান দেন। আনিসুল ইসলাম মামলার ব্যাপারে কিছু বলেননি।
রওশন এরশাদ বলেন, ‘ওনার (এরশাদ) মামলা-মোকদ্দমা নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। এ ব্যাপারে আমি কাজ করছি। কাজেই আপনারা চিন্তা করবেন না। মামলা প্রত্যাহার হবে। দলকে শক্তিশালী করুন। এরপর দেখবেন কী হয়।’ তিনি বলেন, ‘সুযোগ এসেছে, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে হবে। এবার আমরা কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না।’
সকাল সোয়া ১০টায় দলের চেয়ারম্যান এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমাবেশের কার্যক্রম শুরু করেন। এর আগেই কর্মী-সমর্থকেরা বাদ্যযন্ত্র, লাঙল, অর্ধশত হাতি ও ঘোড়া নিয়ে উদ্যানে উপস্থিত হন।
২০১৪ সালের পর গতকালের সমাবেশে সারা দেশ থেকে জাপার কর্মী-সমর্থকদের ঢাকায় আনা হয়।
এরশাদের সভাপতিত্বে মহাসমাবেশে আরও বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম প্রমুখ।