হয়রানি করার অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল করিম চৌধুরী ও তাঁর নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম লিখিত বক্তব্যে বলেন, হোয়ানকে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল করিম চৌধুরীকে সরকারি দলীয় প্রার্থী ও তাঁর সমর্থকেরা হুমকি দিচ্ছেন। পাশাপাশি পুলিশ এক সপ্তাহ ধরে বিএনপির প্রার্থীর সমর্থকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। যাঁরা ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট থাকবেন, তাঁদের মামলায় জড়ানো হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে হোয়ানক ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল করিম চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গিয়ে পুলিশ কাজ করছে। পুলিশের এসব আচরণ দেখে সাধারণ নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, জেলা বিএনপির সদস্য আকতার হোছাইন, উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের নেতা মো. এমরান খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
বিএনপির সংবাদ সম্মেলনের বিষয়ে হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোস্তফা কামালের বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপির প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রতি পুলিশের হয়রানির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য এলাকায় পুলিশের অভিযান চলছে।
ইউপি নির্বাচনের উপজেলা সমন্বয়কারী ও ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, বিএনপির প্রার্থীকে পুলিশের হয়রানি করার বিষয়ে তাঁকে কেউ অবহিত করেনি।