হয়রানি না করে মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলামকে মিথ্যা মামলায় হয়রানি না করে তাঁর মুক্তির দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ দাবি করা হয়।
পৌর শহরের চারিআনিপাড়ায় আজিজুল ইসলামের বাসভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন তাঁর বড় ভাই শফিকুল ইসলাম। তিনি বলেন, তাঁর ছোট ভাই দেশের সর্বকনিষ্ঠ ও জনপ্রিয় মেয়র ছিলেন। বিগত নির্বাচনে প্রশাসনের সহায়তায় তাঁকে পরাজিত করা হয়েছে। শুধু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে গত মঙ্গলবার কোনো মামলা ছাড়াই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে দুই মাস আগে পুলিশের দায়ের করা আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
একটি মামলায় কারাগারে থাকা বিএনপির কিছু নেতা-কর্মী ও সমর্থকের মুক্তির দাবি জানিয়ে মঙ্গলবার আজিজুল ইসলামের নেতৃত্বে নান্দাইল শহরে মিছিল হয়। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে দ্রুত ময়মনসিংহের জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠায়।
সংবাদ সম্মেলনে সৌদি আরব থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজিজুল ইসলামের অপর বড় ভাই আনোয়ারুল ইসলাম যোগ দেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।