১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে কাল আবার ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে কাল মঙ্গলবার পুনরায় ভোট গ্রহণ করা হবে। গত ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের পর গণনায় সাধারণ আসনের দুজন কাউন্সিলর পদপ্রার্থী সমান সংখ্যক (৫৩৩ ভোট) ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে পুনরায় নির্বাচন হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল জানান, ভোট গ্রহণের পর গণনায় উটপাখি প্রতীকের প্রার্থী প্রদীপ মজুমদার ও পানির বোতল প্রতীকের প্রার্থী জয়নাল আবদীন সমান সংখ্যক ভোট পান। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা চাওয়া হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সেখানে ভোট গ্রহণ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, ৩০ ডিসেম্বর ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মঙ্গলবার ভোট গ্রহণের সময় ভোটাররা কেবল সমান সংখ্যক ভোট পাওয়া দুজন প্রার্থীকে (উটপাখি প্রতীকের প্রার্থী প্রদীপ মজুমদার ও পানির বোতল প্রতীকের প্রার্থী জয়নাল আবদীন) ভোট দিতে পারবেন। অন্য কোনো প্রার্থীর প্রতীকে ভোট দিলে তা বাতিল বলে গণ্য হবে। ওই ওয়ার্ডে ১ হাজার ৪৮৫ জন ভোটার রয়েছেন।