১/১১-এর সময় দলের কিছু নেতা কাপুরুষের পরিচয় দিয়েছেন: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে এক-এগারোর সময় দলের কিছু নেতা কাপুরুষের পরিচয় দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশে আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের এই দুই কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন। আজ ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কামরুল ইসলাম অভিযোগ করেন, এক-এগারোর সময় আওয়ামী লীগের তৃণমূলের নেতারা ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু কিছু জ্যেষ্ঠ নেতা কাপুরুষের পরিচয় দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি তাঁদের কাপুরুষতা নিজ চোখে দেখেছি। আওয়ামী লীগের কর্মীরা কখনো বেইমানি করেন না। সারা দেশের কর্মীরা শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ ছিলেন। এ জন্যই তিনি মুক্তি পেয়েছিলেন।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আরেকটি এক-এগারোর ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।
খালিদ মাহমুদ আরও বলেন, যাঁরা এক-এগারোর সরকারের সহযোগী ছিলেন, তাঁরা এখনো আশপাশেই আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমা করতে পারি; কিন্তু ভুলে যাইনি।’ কাজেই তাঁদের চিহ্নিত করে রাখতে হবে, ভোলা যাবে না।
সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান। বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাজাহান আলম প্রমুখ।