১/১১ জন্য আগে খালেদা জিয়ার বিচার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এক-এগারোর পরিস্থিতি সৃষ্টির জন্য প্রথমে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘২০১৪ ও ২০১৫ সালেও বেগম জিয়া দেশে সংকট সৃষ্টির মাধ্যমে আবারও এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করেছিলেন। তাই বেগম জিয়াসহ যাদের কারণে এক-এগারোর সৃষ্টি হয়েছিল প্রথমে তাদের বিচারের মুখোমুখি করা দরকার।’

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আমরা নগরবাসী’ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন।

সাবেক পরিবেশ ও বন মন্ত্রী হাসান মাহমুদ বলেন, এক-এগারোর কুশীলবদের বিচার হওয়ার আগে যাদের কারণে এক-এগারোর সৃষ্টি হয়েছিল তাদের বিচার হওয়া প্রয়োজন। ২০০৭ সালে বিএনপি নেত্রীর একগুঁয়েমি ও ক্ষমতা ধরে রাখার উচ্চ বাসনার জন্যই দেশে সেনা-সমর্থিত সরকার ক্ষমতায় এসেছিল।

মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনোই শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। কিন্তু যারা একচোখা ভাবে সরকারের কাজের সমালোচনা করেন তাদের উদ্দেশে বলব, আমরাও সমালোচনা চাই। সমালোচনা উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করে, আরও শাণিত করে। কিন্তু অন্ধভাবে সমালোচনা আবার মানুষকে আশাহতও করে। তাই দয়া করে সরকারের সমালোচনার পাশাপাশি উন্নয়নের চিত্রও জনগণের সামনে তুলে ধরুন।

আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিদিন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছে। আসলে বিএনপি মাঠেঘাটে কিংবা রাজপথে কোথাও নেই। তাই প্রতিদিন সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানান দিতে চাইছে বিএনপি নামের একটি দল আছে।