১/১১ জরুরি অবস্থার আড়ালে সামরিক অভ্যুত্থান: মওদুদ

১/১১-এর ঘটনাগুলো ছিল জরুরি অবস্থার আড়ালে সামরিক অভ্যুত্থান। সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ ব্যক্তিগত উচ্চাশার জন্য এ ঘটনা ঘটিয়েছিলেন।
আজ শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মওদুদ এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, গুটি কয়েক উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা জরুরি আইনের আবরণে সেনা অভ্যুত্থান ঘটায়। তাঁদের ইচ্ছা ছিল, মঈন উ আহমেদকে রাষ্ট্রপতি করা। এটা করতে গিয়ে তাঁরা বিরাজনীতি করার নামে মাইনাস টু ফর্মুলা অনুযায়ী দুই নেত্রীকে রাজনীতির বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, তাঁরা (সেনাবাহিনী) প্রথিতযশা রাজনীতিবিদদেরও রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দৈনিক নিউএজ-এর সম্পাদক নুরুল কবির, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, সাংবাদিক শওকত মাহমুদ, ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ।