১/১১-র নেপথ্যের কুশীলবরা বেরিয়ে আসবে: সেতুমন্ত্রী

এক-এগারোর নেপথ্যে কারা ছিল, তা একদিন বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, কারা কুশীলব, কারা কারিগর, কারা মঞ্চে, কারা নেপথ্যে তা একদিন বেরিয়ে আসবে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় জাদুঘরে আমরা সূর্যমুখী আয়োজিত ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন: দেশ ও গণমানুষের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, রাজনীতি যদি ঠিক হয়, রাজনীতিবিদরা যদি ঠিক থাকেন অন্তত নৈতিকতার প্রশ্নে—তাহলে অশুভ শক্তির যেকোনো ষড়যন্ত্র বা পাঁয়তারা কোনো দিনও সফল হবে না। রাজনীতি ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। তিনি বলেন, সে সময় বিরাজনীতিকরণের লক্ষ্য হাসিলের জন্য মঞ্চের কুশীলবদের পেছন থেকে সহযোগী হিসেবে রাজনীতিবিদদের মধ্যে যাঁরা সহযোগিতা করেছেন, আজ তাঁদের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। আজকেও যদি কেউ আবার আরেকটি এক-এগারোর স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, এক-এগারো নিয়ে ২০০৯-এ একটা ঝড় উঠেছিল। তুমুল আলোচনা, তুমুল বিতর্ক। এক সময় কোন ইঙ্গিতে সংগীত থেমে গেছে, আমি বলতে পারব না। তখন দাবি উঠেছে, এক-এগারোর কুশীলবদের বের করে আনতে হবে, তাদের বিচার করতে হবে। সত্য একদিন বের হবেই। এক-এগারোর মতো ঘটনা-দুর্ঘটনা নিয়ে একদিন বাংলাদেশে গবেষণা হবেই। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাঁর একাত্তরের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে চাই না, যা সত্য তা সবাই জানে। রাজনীতিতে যাঁরা আন্দোলন-সংগ্রাম-নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেন, তাঁদের ব্যর্থতার জন্য আজকে তাঁরা চমক দেওয়ার জন্য মাঝে মাঝে ইতিহাসকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কিন্তু তাঁরা একদিন ইতিহাসের চালুনির ছিদ্র দিয়ে নিক্ষিপ্ত হবেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, সাংসদ আখতার জাহান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা সভায় কাদের সিদ্দিকী উপস্থিত থাকলেও মঞ্চে ওঠেননি।