১/১১ সরকারকে এক ইঞ্চিও ছাড় দিইনি: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এক-এগারোর সরকারকে আমরা এক ইঞ্চিও ছাড় দিইনি। আমরা তথাকথিত সরকারের সঙ্গে আলোচনায় বসিনি। আমাদের লক্ষ্য ছিল জননেত্রী জেল থেকে বেরিয়ে আসবে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা সেই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করব এবং শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করব।’
গতকাল সোমবার বিকেলে ওসমানী মিলনায়তনে রুখে দাও লেলিহান ও জাতীয় সংসদে শাজাহান খান এমপি শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘অনেকেই আমাদের কাছে এসেছিলেন। বলেছিলেন, আসেন আমরা বিএনপি-আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করি। আমরা ভয়ংকর এই প্রস্তাবে রাজি হইনি। আমাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনা।’
রুখে দাও লেলিহান বইটি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচিতে জ্বালাও-পোড়াও নিয়ে লেখা। অন্যটি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সংসদে দেওয়া বক্তৃতার সংকলন। দুটি বই প্রকাশ করেছে শাজাহান খানের স্ত্রী সৈয়দা রাবেয়া বেগমের প্রতিষ্ঠান সার্বিক সাহিত্য প্রকাশনী। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন সৈয়দা রাবেয়া বেগম।
অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ‘ইতিহাস হারিয়ে যায়, ইতিহাস বিকৃতি হয়। আওয়ামী লীগ, পুলিশ ও সরকার মিলে ড্রাইভার-হেলপারদের আগুনে পুড়িয়ে মেরেছে, এই কথা যাতে বলতে না পারে সেই জন্য এই গ্রন্থ রচনা করে নজির রেখেছি। এখনই বিএনপি নেত্রী এই কথা বলার চেষ্টা করছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পোড়া মানুষের বিষয় নিয়ে বই লেখার প্রয়োজন হয়েছে—এটা আসলে দুর্ভাগ্যজনক। একবিংশ শতাব্দীতে এ ধরনের বীভৎসতা হতে পারে, তা ভাবা যায় না। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাংসদ শিরীন আখতার ও সাংবাদিক আবেদ খান।