১/১১ সৃষ্টির ষড়যন্ত্রের তথ্য আছে: হাছান মাহমুদ

দেশে এক-এগারো সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, এসব ষড়যন্ত্রের তথ্য সরকারের কাছে আছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে বুঝতে পেরেই এই ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। আজ রোববার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুরপাড় লেনের নিজ বাড়িতে এই ব্রিফিংয়ের আয়োজন হয়।
হাছান মাহমুদ বলেন, সরকারের কর্মকাণ্ডে এক-এগারোর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন। এই কথা বলার মাধ্যমে রিজভী প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে তাঁরা এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বহু ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র কোথায় হচ্ছে এবং কীভাবে হচ্ছে, তার সব খবরই সরকারের কাছে আছে।
হাছান মাহমুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, দলের ভেতরে আস্থা হারিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের জন্য মওদুদ আহমেদ ‘অবরুদ্ধ নাটক’ সাজিয়েছেন। মওদুদকে অবরুদ্ধ করে রাখা হয়নি। এর আগে তিনি কখনো ঈদের পাঁচ-সাত দিন আগে গ্রামের বাড়ি যেতেন না।
হাছান মাহমুদ বলেন, মওদুদ যত দিন ধরে রাজনীতি করছেন, ক্ষমতায় থাকাকালে এবং এরপর কয়েক বছর ধরে ঈদের পরদিন গ্রামের বাড়ি যেতেন। কিন্তু গত রমজানের ঈদের আগে গ্রামের বাড়ি গেছেন। এবারও পাঁচ দিন আগে গ্রামের বাড়ি গেছেন। কারণ, রমজানের ঈদের আগে কোটাবিরোধী আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে বাতাস দিয়েছিলেন মওদুদসহ অনেকে। সেই আন্দোলন ব্যর্থ হওয়ার পর মওদুদ গ্রামের বাড়ি গিয়েছিলেন। তখনো তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে নাটক সাজিয়েছিলেন।
হাছান মাহমুদ বলেন, ‘এবারও কিছুদিন আগে নিরাপদ সড়কের দাবিতে আমাদের কিশোর-কিশোরীরা আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনে আমাদের সরকারের পূর্ণ সমর্থন ছিল। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন ছিল। প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকার সব দাবি মেনে নিয়ে বাস্তবায়নের কাজ শুরু করেছেন। সেই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মওদুদসহ অনেকেই ২৫ থেকে ৩০ বছরের যুবক ও নারীদের স্কুলের ড্রেস পরিয়ে, পেছনে ব্যাগ ঝুলিয়ে কোমলমতি সাজিয়ে দিয়েছিলেন। সেই ব্যাগের মধ্যে পাথর, চাপাতি ও রড ছিল। মওদুদেরা এই কাজগুলো করেছিলেন। তাঁদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে কিশোর-কিশোরীদের ঘাড়ের ওপর চড়ে শিকারের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এরপর তিনি আবার নোয়াখালী গেছেন। আবার অবরুদ্ধ হয়েছেন বলে নাটক সাজিয়েছেন।’
হাছান মাহমুদ বলেন, ‘পুলিশ নাকি মওদুদকে অবরুদ্ধ করে রেখেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, সেখানে কোনো পুলিশ নেই। তাঁর নির্বাচনী এলাকায় বিএনপি কয়েক ভাগে বিভক্ত। তাদের মধ্যেই দলাদলি আছে, কোন্দল আছে। এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েল করতে সব সময় তৎপর থাকে। তিনি সেটি আড়াল করতে সরকার, আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করছেন। এটি অত্যন্ত নিন্দনীয়।’
আজকের প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।