১০ কার্যদিবসে ইসি গঠনের সুপারিশ, নারী কমিশনার থাকছেন
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের গঠিত সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে কমিটির সদস্যদের নাম ও কার্যপরিধির বর্ণনা করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, সার্চ কমিটিকে নতুন নির্বাচন কমিশনে একজন নারী সদস্য রাখার সুপারিশ করতে হবে। সার্চ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে ইসি গঠনের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সার্চ কমিটির বাকি পাঁচজন হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।
আজ সকালে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি করেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নিয়ম অনুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেওয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন।
সন্ধ্যায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটির আহ্বায়ক হবেন আপিল বিভাগের বিচারপতি। তিন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির কোরাম হবে। সার্চ কমিটি ন্যূনতম একজন নারীসহ প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করবেন। কমিটির সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবেন। সার্চ কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে ইসি গঠনের সুপারিশ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পেশ করতে হবে।
রাষ্ট্রপতির সঙ্গে হওয়া সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল নতুন গঠিত নির্বাচন কমিশনে নারী সদস্য রাখার সুপারিশ করেছিল। ধারণা করা হচ্ছে, তাদের সেই সুপারিশ আমলে নিয়েছেন রাষ্ট্রপতি।
একজন কমিশনার বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।