১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ ছাত্রফ্রন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশুদ্ধ পানির ব্যবস্থা, শৌচাগার সংস্কার, নিজস্ব পরিবহন চালু করাসহ ১০ দফা দাবিতে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রফ্রন্ট। গতকাল রোববার বেলা ১১টায় কর্মসূচি পালন শেষে সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি ফখরুল ইসলাম ওরফে ফরহাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন, কলেজ শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক দিপন মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুস্থির সরকার প্রমুখ।
বক্তারা বলেন, অর্ধশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ। বর্তমানে এ কলেজে ১৫টি বিষয়ে অনার্স ও ১৩টি বিষয় মাস্টার্স চালু আছে। এ ছাড়া ডিগ্রি (পাস) ও ইন্টারমিডিয়েট শাখা রয়েছে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর এ কলেজে অসংখ্য সংকট বিরাজ করছে। শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে এখানে একটি প্ল্যান্ট স্থাপন করলেও তা অনেক দিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। পানি পানের জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়। বিভাগগুলোর শৌচাগারও ব্যবহারের অনুপযোগী। এ কারণে ছাত্রীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ সালমা আক্তার বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা রয়েছে। তবে কলেজের অধ্যক্ষ বর্তমানে ছুটিতে আছেন। তিনি যোগ দিলে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।