১০ দিন পর মনে পড়ল বিএনপি দায়ী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জঙ্গি হামলার ঘটনার ১০ দিন পর সরকার বিএনপিকে দায়ী করার কড়া সমালোচনা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কথায় কথায় বিএনপি। সবকিছুর সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি এত শক্তিশালী হয়, তাহলে কথায় কথায় বিএনপিকে নাকচ করে দিচ্ছেন কেন।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মরণে আয়োজিত শোকসভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সারা দেশে দলীয়ভাবে ঘোষিত শোক দিবসের অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপির এ সভার আয়োজন করে।

সভায় উগ্রবাদ দমনে জাতীয় ঐক্য গড়ে তুলতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দিয়ে এগিয়ে আসতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির নেতারা আবারও আহ্বান জানান। তাঁরা জোর দিয়ে বলেন, জাতির এই সংকটে বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, দেশের ৬০-৭০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাদের বাদ দিয়ে কীভাবে এই সমস্যার (জঙ্গিবাদ) সমাধান করবেন। এটা সম্ভব নয়। তিনি এ সমস্যার গভীরে গিয়ে এর মূলোৎপাটনে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের যে ঐতিহ্য, তাতে এ ভয়ংকর দানবকে প্রতিহত করার শক্তি-সামর্থ্য বাংলাদেশের রয়েছে। কিন্তু উদ্দেশ্য যদি হয় রাজনীতি এবং এটাকে ব্যবহার করে চিরকাল ক্ষমতায় থাকার অবস্থা তৈরি করা, তাহলে সফল হবে না।

জঙ্গিবাদ প্রতিহতের হাতিয়ার জনগণ-গণতন্ত্র
সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘ভয়ংকর এই দানবকে (জঙ্গিবাদ) প্রতিহত করা সম্ভব হবে না, যদি না গণতন্ত্রকে চলতে দেন, যদি দরজা-জানালা খুলে না দেন, কথা বলার, কাগজে লিখার সুযোগ সৃষ্টি না করেন।’ দেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ অনেকে টক শোতে যেতে চান না, অনেক কলামিস্ট কলম ধরতে চাইছেন না। এ অবস্থায় ভয়ংকর দানবকে পরাজিত করা যাবে না। ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এ লড়াইয়ের হাতিয়ার হচ্ছে জনগণ, হাতিয়ার হচ্ছে গণতন্ত্র।’

তরুণ-যুবকদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করা হচ্ছে
ইউটিউবে জঙ্গিদের একটি সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তথাকথিত জঙ্গিদের বক্তব্য শুনে আমি আতঙ্কিত, শিহরিত হয়েছি। এরা কারা, তাদের উদ্দেশ কী? কী করতে চায় তারা? ইসলাম তো সন্ত্রাস, কোনো নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না। অথচ তারা সে কথাগুলো বলছে।’ তিনি বলেন, এটা বৈশ্বিক একটা সমস্যা। সমাজের এ অব্যবস্থায় তরুণ-যুবকদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলার কথা বলে তাদের দমন করা যাবে না। এটাকে রাজনৈতিকভাবে দেখতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

দেশে জঙ্গিবাদ ভয়ংকর রূপ ধারণ করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, এটা যদি কঠোর হাতে দমন করা না যায়, তাহলে এ ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। এটা পুলিশ, র‍্যাব, এমনকি সেনাবাহিনী দিয়ে দমন করা যাবে না—যত দিন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না করে।

বিএনপিকে দোষারোপে উগ্রবাদীরা আরও সংঘবদ্ধ হচ্ছে: মওদুদ

মওদুদ আহমদ বলেন, এখন দেশে কোনো রাজনীতি নেই। আছে দোষারোপ ও স্বেচ্ছাচারের রাজনীতি। এটা বন্ধ করতে হবে। কারণ, বিএনপিকে দোষারোপ করার সুযোগে উগ্রবাদীরা আরও সংঘবদ্ধ হচ্ছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, বিএনপি একটি মধ্যপন্থী, উদার ও গণতান্ত্রিক দল। সে শক্তিকে বাদ দিয়ে এ সমস্যার সমাধান করতে পারবেন না। র‍্যাব-পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে। তাদের দিয়ে এর সমাধান সম্ভব নয়। জনগণের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বশীল সরকার হলে উগ্রবাদ দমন করা সম্ভব হবে।

মওদুদ আহমদ জঙ্গিবাদ দমনে বিএনপির চেয়ারপারসনের জাতীয় ঐক্যের আহ্বানের উল্লেখ করে বলেন, ‘খালেদা জিয়া বিনা শর্তে উদার মনে ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তাতে আপনাদের (সরকার) সাড়া দেওয়া উচিত। আর যদি সাড়া না দেন, তাহলে জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চলবে।’

গুলশান হামলার উল্লেখ করে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘১০ দিন পর মনে পড়ল এটা খালেদা জিয়া করেছেন। শেখ হাসিনাকে বলতে চাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। সারা বিশ্ব জানে, হামলার শিকার ইতালি, ভারত, জাপান সবাই জানে; এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা জড়িত নয়।’

সবাই একবাক্যে বলছে, এটা সরকারের নাটক: গয়েশ্বর
গয়েশ্বর রায় বলেন, হাটে-মাঠে-ঘাটে-বাসে, চায়ের দোকানে, কোর্ট-কাচারির বারান্দায়—সবাই একবাক্যে বলছে, এটা সরকারের নাটক। আমরা প্রশ্ন তুলিনি, সেদিন গুলশানের ওই এলাকায় কেন বিদ্যুৎ ছিল না, কেন ওই রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরা অকেজো ছিল—এ প্রশ্নগুলো জনগণের। সুতরাং খালেদা জিয়ার ওপর দোষ চাপিয়ে রেহাই পাবেন না। জনগণ কী বলে গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে চেষ্টা করুন।

সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মাহবুব উদ্দিন খোকন, মজিবর রহমান সরোয়ার প্রমুখ। এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।