ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছর পর ডাকা আওয়ামী লীগের বর্ধিত সভা পণ্ড হয়ে গেছে। উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিবাদের কারণে এ সভা অনুষ্ঠিত হয়নি।
মহেশপুর শহরের মিলনায়তনে গত রোববার বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মা চৌধুরী ও সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল আজম খানের সমর্থকদের মধ্যে সভাস্থলে হট্টগোল হয়।
বেলা ১১টায় বর্ধিত সভার সময় নির্ধারিত ছিল। সকাল ১০টার মধ্যে শফিকুল আজমের সমর্থকেরা মিলনায়তনে আসেন। সেখানে তাঁরা বসার পর আর কোনো চেয়ার খালি ছিল না। বেলা ১১টার দিকে সাজ্জাতুজ জুম্মা চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা আসেন। এ পক্ষে ছিলেন বর্তমান সাংসদ নবী নেওয়াজ। তারা সভাস্থলে প্রবেশ করতে গেলে শুরু হয় হট্টগোল। কিছুটা সংঘর্ষও হয়। মিলনায়তনে এই পক্ষের নেতারা ঢুকতে পারলেও কর্মীরা ঢুকতে পারেননি। আর বর্ধিত সভায় যাঁদের দাওয়াত করা হয়েছিল, তাঁরা বেশির ভাগ বাইরে রয়ে যান। এ কারণে অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে সভা থেকে চলে যান।
এই সভায় ২৮০ জনকে হাজির থাকতে বলা হয়েছিল। উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক জানান, তিনি সভাস্থলে ঢুকতে পারেননি। বর্ধিত সভায় এই পরিবেশ সৃষ্টি করা কোনোভাবেই ঠিক হয়নি।
আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যারা এমপি হতে চান, এটা তাঁদের সমর্থন দেখাবার প্রতিযোগিতা।’
২০০৪ সালের ৫ আগস্ট মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও বর্ধিত সভা হয়। এরপর সম্মেলন ও বর্ধিত সভা কোনোটি হয়নি। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সাজ্জাতুজ জুম্মা চৌধুরী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ময়জদ্দিন হামিদ। সেই সময়ের পৌর মেয়র শফিকুল আজম খানও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। ওই সম্মেলনে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়নি। আজ অবধি এখানে দলের পূর্ণাঙ্গ কমিটি নেই। ২০০৯ সালের নির্বাচনে শফিকুল আজম স্থানীয় সাংসদ নির্বাচিত হলে উপজেলা আওয়ামী লীগে প্রকাশ্যে বিরোধ শুরু হয়। ১০ বছর পর গত রোববার বর্ধিত সভা আহ্বান করেন দলের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ।
স্থানীয় একাধিক নেতা বলেন, সভাপতি জুম্মা চৌধুরী এলাকায় আসেন না। এ বিষয়ে তিনি বলেন, তাঁকে এলাকায় আসতে দেওয়া হয়নি। এলাকায় এলে তাঁকে লাঞ্ছিত করা হতো। একটি মহল দলকে সঠিক পথে পরিচালনা করছে না দেখে বর্ধিত সভায় এত কর্মী হাজির করেছেন। তবে শফিকুল আজম বলেন, সভাপতি নিজেই এলাকায় আসেননি। এখন তাঁকে (শফিকুল আজম) আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। এই কমিটি যাতে সম্মেলন করতে না পারে, সে জন্য ওই বর্ধিত সভা ডাকা হয়। যেখানে অনেককে দাওয়াত করা হলেও তাঁর সমর্থিতদের দাওয়াত দেওয়া হয়নি।