১০ বছরে সম্পদের পাহাড়

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের সাংসদ হাবিবর রহমান ১০ বছর আগে নির্ভরশীলদের কাছ থেকে ধারের টাকায় নির্বাচন করেছেন। তখন তাঁর কাছে নগদ টাকা ছিল ২ লাখ ৭৭ হাজার ৪৭৫। এখন জমা টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫১ লাখ ৫৭ হাজার ৬১১।
হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, সাংসদ হাবিবুরের নিজের নামে ১০ বছর আগে স্থাবর-অস্থাবর সম্পদ ছিল ৩৫ লাখ ৭২ হাজার টাকার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৬ লাখ ৪৫ হাজর ৯৪৮ টাকা। ১০ বছর আগে তাঁর কাছে নগদ ছিল ২ লাখ ৭৭ হাজার ৪৭৫ টাকা, ব্যাংকে দেড় লাখ এবং বন্ড ও শেয়ারবাজারে ২৫ লাখ টাকা। এখন নগদ টাকার পরিমাণ ৫৪ গুণ বেড়েছে। ব্যাংকে জমা রয়েছে আরও ৬০ লাখ ২৯ হাজার ৭০৪ টাকা। বন্ড ও শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে আরও ৪০ লাখ টাকা।
১০ বছর আগে তাঁর নিজের কোনো গাড়ি ছিল না, চড়তেন স্ত্রীর গাড়িতে। এখন ৬৬ লাখ ২৩ হাজার টাকার দামি গাড়িতে চড়েন। আগে হাবিবরের লাইসেন্স করা কোনো অস্ত্র ছিল না। এখন একটি বন্দুক ও পিস্তল সঙ্গে রাখেন তিনি। ১০ বছর আগে একটি ফ্ল্যাটে থাকতেন। এখন ঢাকার অদূরে সাভারে আরও একটি ফ্ল্যাটের মালিক তিনি।
সাবেক পুলিশ সুপার (এসপি) ও ক্ষমতাসীন দলের সাংসদ হাবিবরের স্ত্রী খাদিজা বেগমের সম্পদও ১০ বছরে প্রায় ৫ গুণ বেড়েছে। ১০ বছর আগে নির্ভরশীলদের নামে জনতা ব্যাংকে ৪ কোটি ৭৮ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। এবার তিনি নির্ভরশীলদের কোনো ঋণের কথা উল্লেখ করেননি।
২০১৮ ও ২০০৮ সালে বগুড়া-৫ আসনে দাখিল করা হলফনামা ঘেঁটে সম্পদের এসব তথ্য পাওয়া গেছে। এবার হলফনামায় সাংসদ হাবিবর তাঁর বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩১৫ টাকা উল্লেখ করেছেন। তাঁর স্ত্রী খাদিজা বেগমের অস্থাবর সম্পদ ৬৯ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা। হাবিবরের স্থাবর সম্পদের মধ্যে ৫০ হাজার টাকা মূল্যের ১০ বিঘা কৃষিজমি, ৯৩ লাখ ৩৫ হাজার ৬৩৩ টাকা মূল্যের ঢাকার নিকুঞ্জে একটি ফ্ল্যাট এবং সাভারে বিসিএস পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেনের আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট। তাঁর স্ত্রীর রয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের সাড়ে ৩ বিঘা কৃষিজমি। তবে ২০০৮ সালের হলফনামায় স্ত্রীর কোনো কৃষিজমি ছিল না।
২০০৮ সালে হাবিবরের কোনো দায়দেনা না থাকলেও এবার ৪৩ লাখ ৭ হাজার ১৯৮ টাকা দায় থাকার কথা উল্লেখ করেছেন। এবারে অস্থাবর সম্পদ বিবরণীতে সাংসদ ৩ কোটি ২২ লাখ ৬০ হাজার ৩১৫ টাকার কথা উল্লেখ করেছেন।
তদন্ত করছে দুদক
দুদক সূত্রে জানা গেছে, সাংসদ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় শতকোটি টাকার জ্ঞাত–আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে। এ ব্যাপারে গত ১৯ মে বগুড়া জেলা রেজিস্ট্রারের কাছে চিঠি দেয় দুদক। সেখানে সাংসদ হাবিবর ছাড়াও তাঁর স্ত্রী খাদিজা বেগম, ছেলে আসিফ ইকবাল, মেয়ে ফারজানার নামে জায়গাজমি, ফ্ল্যাট ক্রয়সহ যাবতীয় সম্পদের রেকর্ডপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ছায়ালিপি দুদকে তলব করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ হাবিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি অভিজাত বংশীয় পরিবারের সন্তান। নিজের পরিবারের অনেক কিছুই আছে। ২০০৮ সালে সাংসদ হওয়ার পর পাওয়া শুল্কমুক্ত গাড়ি বিক্রি করেই দুই কোটি টাকা পেয়েছি।’ দুদকে সম্পদ অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করতে প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে অভিযোগ করেছে।