১০ মামলার আসামি জামায়াত নেতা আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতার ঘটনায় হওয়া ১০ মামলার আসামি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জামায়াত নেতা আব্দুস সালাম ২৫০ জন কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে পাঁচবিবি সদরের স্মৃতিসৌধ চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সাংসদ সামছুল আলম, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান।
আব্দুস সালাম কুসুম্বা ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও জামায়াতের রুকন ছিলেন। তিনি পাঁচবিবির বড়পুকুরিয়া দ্বিমুখী বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, জামায়াতে ইসলামীর জ্বালাও-পোড়াও এবং পেট্রলবোমা মেরে শিশুসহ মানুষ হত্যার কার্যক্রম সঠিক রাজনীতি ছিল না। তিনি তাঁর ভুল বুঝতে পেরে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস স্থাপন করে আওয়ামী লীগে যোগদান করেছেন।
পাঁচবিবি থানার মামলা সূত্রে জানা গেছে, সাবেক জামায়াত নেতা আব্দুস সালামের বিরুদ্ধে ২০১৩ সালের ৩ মার্চ পাঁচবিবি থানায় হামলা, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেন। একই সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও নয়টি মামলা হয়। এর মধ্যে পুলিশ তদন্ত করে ছয়টি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম দাবি করেন, ২০১৩ সালের ওই সব ঘটনায় তিনি জড়িত ছিলেন না। যেহেতু তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেহেতু তিনি আদালত থেকে জামিন নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, অনেক দিন ধরেই আব্দুস সালাম ও তাঁর সমর্থকেরা আওয়ামী লীগে যোগ দিতে চাচ্ছেন। জামায়াতের রাজনীতি করে যে তাঁরা ভুল করেছিলেন, তা বুঝতে পেরেছেন।
তবে উপজেলা জামায়াতের আমির তছলিম উদ্দিন দাবি করেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি দেড় মাস আগে তাঁকে দল থেকে বহিষ্কার করেছে।