১০ মাসেও থানা-ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের থানা এবং ওয়ার্ডগুলোর পূর্ণাঙ্গ কমিটি ১০ মাসেও হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭ মার্চ এক অনুষ্ঠানে মহানগরের দুই অংশের নেতাদের, ‘নির্বাচনী প্রস্তুতি’ এবং ‘সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ’ মোকাবিলা করতে যত দ্রুত সম্ভব ত্যাগী ও কর্মিবান্ধব নেতাদের নিয়ে এই মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।

ওবায়দুল কাদের ওই অনুষ্ঠানে মহানগরের দুই সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জিজ্ঞাসা করেন। দুজনই তাঁকে বলেন, এই মাসের মধ্যেই তাঁরা পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দেবেন। এরপর ওবায়দুল কাদের বলেন, ‘দুই সাধারণ সম্পাদক বলেছেন—এই মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি  হবে। আমরা আশায় বুক বেঁধে রাখলাম।’  

তবে মহানগরের তিনজন নেতা বলেন, থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির জন্য সংসদীয় আসন অনুযায়ী প্রায় ১৯টি বিশেষ দল গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে ৯টি এবং মহানগর দক্ষিণে ১০টি বিশেষ দল রয়েছে। দলের সদস্যরা এলাকায় খোঁজখবর নিয়ে মহানগরের নেতাদের কাছে প্রস্তাব করবেন। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া চলতি মাসে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির চাপের কারণে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে পারবে না।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম প্রথম আলোকে বলেন, ‘মার্চ মাসে দলের অনেক কর্মসূচি থাকে। সুতরাং এই মাসে থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সম্ভব হবে না। আশা করি, এপ্রিল মাসে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা সম্ভব হবে।’

জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের তিন বছর তিন মাস পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করে গত বছরের ১০ এপ্রিল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকার ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। এরপর গত বছরের ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত ৪৫টি থানা এবং ১০০টি ওয়ার্ডে এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। যদিও এসব থানা-ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছিল প্রায় ১০ মাস আগে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেওয়া কথা রাখতে পারবেন কি না, জানতে চাইলে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রথম আলোকে বলেন, ‘ঢাকা মহানগর উত্তরে ৮টি সংসদীয় আসন। ইতিমধ্যে আমরা ৯টি কমিটি গঠন করেছি। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করছি।’