১০ শতাংশ ভোটও পাননি নৌকার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) মোট ভোট ১ লাখ ৪৮ হাজার ১৮৪। এখানে চেয়ারম্যান পদে নির্বাচনে নৌকার প্রার্থী পেয়েছেন মাত্র ১০ হাজার ৯২৭ ভোট। জয়ী স্বতন্ত্র প্রার্থী মনিরুল আলম পেয়েছেন ৪২ হাজার ৯০৩ ভোট।
জেলার সবচেয়ে বেশি ভোটারের ওই ইউপিতে গত শনিবার ভোট হয়। এতে ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থী ১০ শতাংশেরও কম ভোট পান। এরপর থেকে কুতুবপুর ইউনিয়ন ও ফতুল্লা থানা আওয়ামী লীগের বেশির ভাগ শীর্ষ নেতার মুঠোফোন বন্ধ রয়েছে। অনেকেই ফোন ধরছেন না।
ভোটের দিন বেলা ১১টায় পাগলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিকদার গোলাম রসুল সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্রে পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বলেন, ওই ইউপি নির্বাচন নিয়ে প্রথম থেকেই যেসব গুজব ছিল, শেষ পর্যন্ত তা সত্যি হলো। এখানে পাঁচ কোটি টাকায় নৌকা বিক্রি করে দেওয়া হয়েছে বলে গুঞ্জন রয়েছে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মাত্র দুদিন কুতুবপুরে নির্বাচনী প্রচারণা চালাতে আসেন। ইউনিয়ন আওয়ামী লীগের বেশির ভাগ নেতা ভোটের আগের দিন থেকেই এলাকায় নেই। কেউ কক্সবাজার, কেউ গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন। বড় বড় নেতাদের রহস্যজনক আচরণের কারণে গুরুত্বপূর্ণ এ ইউপিতে নৌকার ভরাডুবি ঘটেছে।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি।
জয়ী প্রার্থী মনিরুল আলম ফতুল্লা থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। স্বতন্ত্র নির্বাচন করার কারণে গত বৃহস্পতিবার দল তাঁকে বহিষ্কার করে। তিনি বলেন, কৌশলগত কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ১৮৪ জন। এখানকার বাসিন্দারের বেশির ভাগই পেশাগত কারণে রাজধানীর সঙ্গে সম্পৃক্ত।