১০০ দিন পর চুয়াডাঙ্গায় হুইপ সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০০ দিন পর গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গায় ফিরেছেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। জেলার প্রবেশদ্বার বদরগঞ্জ থেকে দুই হাজার মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তিনি চুয়াডাঙ্গা শহরে পৌঁছান। শহরে আওয়ামী লীগের কার্যালয়ে হাজারো নেতা-কর্মী তাঁকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্রে জানা গেছে, সোলায়মান হক সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যান। ঢাকায় পৌঁছে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে ভারতের চেন্নাই শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। সুস্থ হয়ে সম্প্রতি তিনি দেশে আসেন; ঢাকায় কয়েক দিন বিশ্রামের পর চুয়াডাঙ্গায় ফিরলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রথম আলোকে বলেন, সোলায়মান গতকাল সকালে ঢাকা থেকে উড়োজাহাজে যশোরে আসেন। সেখান থেকে সড়কপথে চুয়াডাঙ্গায় আসেন। হুইপের সফরসঙ্গী হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল মল্লিক।
সড়কপথে চুয়াডাঙ্গার প্রবেশদ্বার বদরগঞ্জ বাজারে দলীয় নেতা-কর্মীরা হুইপকে সংবর্ধনা দেন। এ সময় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সহসভাপতি মোল্লা আবদুর রশিদ ও আওরঙ্গজেব টিপু মোল্লা, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ্জামান, জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনসহ দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বদরগঞ্জ বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে হুইপ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। সবাই মিলে প্রধানমন্ত্রীর উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে।
বদরগঞ্জ বাজার থেকে বিশাল গাড়িবহর নিয়ে তিনি চুয়াডাঙ্গা শহরের উদ্দেশে রওনা হন। বহরে ছিল ১০ থেকে ১২টি মাইক্রোবাস ও জিপের পাশাপাশি দুই হাজারের মতো মোটরসাইকেল। গাড়িবহরটি জেলা শহর চক্কর দেওয়ার পর শহরের কবরী রোডে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়। সেখানে হাজারো নেতা-কর্মী হুইপকে শুভেচ্ছা জানান।
হুইপ এ সময় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। চুয়াডাঙ্গাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ হুইপ তাঁর সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মীসহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বেলা সাড়ে ১২টায় জেলার নবাগত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন হুইপের বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ও শারীরিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তরিকুল ইসলাম ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান।