১০০ বছরেও বিএনপির সঙ্গে সমঝোতা হবে না: নাসিম

আগামী ১০০ বছরের মধ্যে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) শোক দিবসের আলোচনা সভায় নাসিম এ মন্তব্য করেন।
বিএনপিকে খুনির দল অ্যাখায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, ‘১০০ বছরেও এই খুনিদের সঙ্গে সমঝোতা হবে না। ১০০ বছরেও আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হবে না। যারা শেখ হাসিনার মা-বাবা ও ছোট্ট ভাইকে হত্যা করেছে, তাদের সঙ্গে তিনি কীভাবে সমঝোতা করতে পারেন—আপনারাই বলেন।’
পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে উল্লসিত না হওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দেন আওয়ামী লীগের এই নেতা। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না বলেও নাসিম জানিয়ে দেন। গুম-খুন নিয়ে বিএনপির নেতাদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আয়নায় নিজেদের চেহারা দেখুন। কোনো হত্যকাণ্ডের বিচার আপনারা করেননি। শেখ হাসিনা সব বিচার করেছেন। বিচার করতে শেখ হাসিনা নিজ দলের নেতা-কর্মীদেরও ছাড় দেননি।’
স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি মন্ত্রী থাকা অবস্থায় যেসব চিকিত্সককে গ্রামে পদায়ন করা হয়েছে, তাঁদের দুই বছরের আগে কোনোভাবেই সরানো হবে না।
‘বিএনপি নয়, সংকটে দেশ’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘এই বক্তব্যকে একেবারে উড়িয়ে দিলে চলবে না। এর মধ্যে নিঃসন্দেহে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র আছে। দেশ সংকটে আছে—এর অর্থ হলো তারা পশ্চিমা শক্তির সমর্থনে আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন কনক কান্তি বড়ুয়া।