মাগুরা জেলা পরিষদ নির্বাচনে ভোটার তালিকায় বাদ পড়া মহম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ও ১০ সদস্যকে দুই কার্যদিবসের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে ওই ১১ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তাসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও মো. ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।
২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।