১১ দফায় 'শেখ মুজিব' লিখতে দেয়নি মতিয়া-মেনন গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎকালীন ছাত্র ইউনিয়নের মতিয়া ও মেনন গ্রুপ বিরোধিতা করে ১৯৬৯ সালের ১১ দফা কর্মসূচিতে ‘শেখ মুজিব’ কথাটি লিখতে দেয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।

জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির চিত্রশালায় গতকাল মঙ্গলবার যুবলীগ আয়োজিত মাসব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাম রাজনীতিকদের বিরোধিতার কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘১৯৬৯ সালে আমাদের যে ১১ দফা কর্মসূচি ছিল—শেখ মুজিবসহ রাজবন্দীদের মুক্তি চাই, কিন্তু আমরা শেখ মুজিব কথাটি রাখতে পারিনি।

ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ আমাদের লিখতে দেয়নি। তারা বলেছে আমরা মানি না। পরবর্তীতে এই আন্দোলনটি এক দফায় পরিণত হয়েছিল বঙ্গবন্ধুর মুক্তি চাই। এখন তারা (বামপন্থীরা) রামপাল নিয়ে কথা বলে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এসেছিলেন। বেশ কয়েকটি বৈঠক করেছেন। এমন একটি বৈঠকে আমারও থাকার সুযোগ হয়েছে। সেখানে তিনি বলেছেন, ১৯৭১ সালে আপনাদের মুক্তিযুদ্ধে তৎকালীন নিক্সন সরকার বিরোধিতা করছিল সত্যি। কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ আপনাদের সমর্থন করেছিল। আমিও তখন আপনাদের মুক্তিযুদ্ধের সমর্থক ছিলাম।’

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ গাজী গোলাম দস্তগীর, সিরাজুল ইসলাম মোল্লা, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, যুবলীগ নেতা ইকবাল মাহমুদ, মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।