১১ বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের সম্মেলন
দীর্ঘ ১১ বছর পর খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাল বৃহস্পতিবার সকালে নগরের জেলা স্টেডিয়ামসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি শেখ হারুনুর রশিদ জানান, সম্মেলন সফল করার জন্য এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার নয় উপজেলা থেকে ১৭৩ জন কাউন্সিলর জেলা কমিটির সভায় অনুমোদিত হয়েছেন। ২০০৪ সালের ১৭ জানুয়ারি নগরের শহীদ হাদিস পার্কে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
আগামীকালের সম্মেলনে কী পদ্ধতিতে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে—জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, প্রথমে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি রফা করার চেষ্টা করা হবে। যদি তা না হয়, তাহলে দেখা যাবে নির্বাচন হয় কি না। এদিকে সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে নিজের নাম ঘোষণা করেছেন হারুনুর রশিদ। তিনি ১৯৮১ থেকে ’৯১ সাল পর্যন্ত জেলা শাখার সাধারণ সম্পাদক ও ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত সভাপতি পদে আছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে থাকা এস এম মোস্তফা রশিদী সুজার নাম শোনা যাচ্ছে।