১১ বছর পর ফের আহ্বায়ক কমিটি মাগুরা যুবলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর পর মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন সামনে রেখে গতকাল বুধবার এক প্রতিনিধি সমাবেশে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নেতারা।

মাগুরা শহরের নোমানী ময়দানে গতকাল দুপুরে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ মার্চের মাগুরা সফর উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে জেলা যুবলীগ।

২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ফজলুর রহমান। তিন যুগ্ম আহ্বায়ক হলেন সাকিবুল হাসান, আশরাফ খান ও আলী আহমেদ।

নতুন কমিটির আহ্বায়ক ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, মূলত ১৩ মার্চ এই আহ্বায়ক কমিটি চূড়ান্ত করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। আজকের সমাবেশে এই বিষয়ে কেবল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

প্রতিনিধি সমাবেশের প্রধান অতিথি যুবলীগের কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক চৌধুরী এই কমিটির ঘোষণা দেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নিতে আহ্বায়ক কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি সমাবেশে নতুন কমিটির আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, স্থানীয় আওয়ামী লীগের নেতা রাশেদ মাহমুদ, শাখারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

দলীয় সূত্র জানায়, মাগুরা জেলা যুবলীগের সবশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয় ২০০৬ সালের এপ্রিল মাসে। ৭১ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক ছিলেন এনামুল হক। যুগ্ম আহ্বায়ক ছিলেন আওয়াল হোসেন মোল্লা। এই দীর্ঘ সময়েও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।

এনামুল হক বলেন, নতুন কমিটির বিষয়ে তিনি কিছুই জানতেন না। এখন পর্যন্ত তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। কিছু না জানিয়েই কমিটি ভেঙে দিয়ে আবার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জবরদখলের মতো একটা বিষয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এত দিনেও কেন কমিটি দিতে পারলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা পরিস্থিতি কারণে সেটা সম্ভব হয়নি।

সর্বশেষ ১৯৯৮ সালের ১৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে মাগুরা জেলা যুবলীগের কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি ছিলেন সোহেল পারভেজ; সাধারণ সম্পাদক হন কামরুজ্জামান। মেয়াদোত্তীর্ণ হওয়ায় ২০০৪ সালে এই কমিটি ভেঙে দেওয়া হয়।