ভৈরব উপজেলা আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষের প্রায় ১১ বছর পর আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনপ্রশাসনমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক পৌর মেয়র ফখরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান। আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল হক।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালের ১২ অক্টোবর সায়দুল্লাহ মিয়াকে সভাপতি ও আবুল মনসুরকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের তিন বছর মেয়াদি কমিটি করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি দিতে ব্যর্থ হন তাঁরা। নেতৃত্ব নিয়ে সাত বছর আগ থেকে ওই দুই নেতা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। চলতি বছরের ৬ জুন কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে পৌর মেয়র ফখরুল আলমকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহকে সদস্যসচিব করে ১৭ সদস্যের কমিটি করা হয়। এরপর ২৫ জুলাই শহর আওয়ামী লীগের কমিটিও বিলুপ্ত করা হয়। পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাকির হোসেনকে আহ্বায়ক ও আরেক সহসভাপতি এনামুল হককে সদস্যসচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উভয় আহ্বায়ক কমিটির প্রায় সদস্য সায়দুল্লাহ বলয়ভুক্ত হয়ে রাজনীতি করেন। তখন উভয় আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র অনুসরণ করে করা হয়নি, এমন অভিযোগ এনে মনসুর-পক্ষ তা রুখে দেওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করে। তবে ঘোষণা দিয়ে মনসুর-পক্ষ আর মাঠে থাকেনি। শেষে আহ্বায়ক কমিটির নেতৃত্ব মেনে নিয়ে প্রার্থিতা দিয়ে সম্মেলন মেনে নেয় পক্ষটি। দলে চরম কোন্দলের মধ্যেও মাত্র সাড়ে চার মাসের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিয়ে সম্মেলনের তারিখ ঘোষণা করে।
জানতে চাইলে এস এম বাকী বিল্লাহ বলেন, নেতা নির্বাচন করা হবে প্রত্যক্ষ ভোটে। মোট ভোটার ১৬২ জন। সাত ইউনিয়নের প্রত্যেকটি থেকে ২১ জন করে মোট ১৪৭ জন ভোটার মনোনীত করা হয়ে গেছে। সম্মেলনের দিন উপজেলা আওয়ামী লীগের উপস্থিত নেতাদের মধ্যে থেকে ১৫ জনকে তাৎক্ষণিক ভোটার করা হবে।