১১ 'বিদ্রোহী' প্রার্থীকে সাময়িকভাবে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে অংশ নেওয়া আওয়ামী লীগের ১১ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারের তিন উপজেলার ১৯টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নুর হোসেন; সেন্ট মার্টিন ইউনিয়নে নুর আহমদ, আবদুর রহমান; টেকনাফ সদর ইউনিয়নে শাহজাহান মিয়া এবং বাহারছড়া ইউনিয়নে মো. হাবিব উল্লাহ।
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে মোহাম্মদ উল্লাহ, মোস্তাক আহমদ ও কাউসার সিকদার।
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে মনোয়ারুল ইসলাম, বড়ঘোপ ইউনিয়নে ছাবের আহমদ ও উত্তর ধুরুং ইউনিয়নে সিরাজদ্দৌল্লাহ।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন বলেন, গতবার তিনি অল্প ভোটের ব্যবধানে হেরেছিলেন। এবার বিজয় সুনিশ্চিত দেখেও দলের মনোনয়ন তাঁকে দেওয়া হয়নি। এলাকাবাসীর চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দল থেকে বহিষ্কার করার বিষয়টি তাঁর জানা নেই।
সেন্ট মার্টিন ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর আহমদ বলেন, ‘১৯ বছর আমি এই সেন্ট মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলাম। দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। অথচ দলের মনোনয়ন পেলাম না। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে শেখ হাসিনার কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, তিন উপজেলার ১৯টি ইউনিয়নে দল মনোনীত প্রার্থী রয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে কারও বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ নেই। তাই কেন্দ্রের নির্দেশে ১১ জন বিদ্রোহীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বলা হয়েছে সমাবেশ করে কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিতে। একই সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করতে হবে তাঁদের। তা না হলে দল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।