১১৪ ইউপিতে প্রার্থী নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনে অন্তত ১১৪টি ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী থাকছেন না। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রিজভী অভিযোগ করেন, সরকারদলীয় লোকজনের বাধা ও হুমকি-ধমকির মুখে বিএনপির অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ ছাড়া তুচ্ছ অজুহাতে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা অনেকের প্রার্থিতা বাতিল করছেন। এই দুই কারণে প্রায় ১১৪ জন বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি বা প্রার্থিতা হারিয়েছেন।
রিজভী বলেন, এ ধরনের ঘটনা এ দেশে নজিরবিহীন। মানুষের ভোট ছাড়া গণতন্ত্রবিনাশী নির্বাচন করতে নির্বাচন কমিশনের এই কৃতিত্ব জাতি চিরদিন মনে রাখবে। সরকার তার আজ্ঞাবাহী কমিশন দিয়ে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রিজভী দাবি করেন, তাঁরা জানতে পেরেছেন, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এমনকি নির্দেশনাও শিথিল করা হচ্ছে। কী উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা কমানো ও নির্দেশনা শিথিল হচ্ছে, তা সবার কাছে অত্যন্ত সুস্পষ্ট। এসব হচ্ছে ইউপি নির্বাচনে শাসক দলের চেয়ারম্যান প্রার্থীদের জিতিয়ে দেওয়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে।
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে মরিয়া। তাঁর দাবি, সরকারের ইয়ার্কি ঠাট্টার সহচর হিসেবে সার্কাসের ভাঁড়ের মতো ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। শুধু নিজেদের চাকরির প্রতিদানে নজরানা হিসেবে সরকারকে আগের নির্বাচনগুলোর মতো ইউপি নির্বাচনেও ইউপি চেয়ারম্যান পদ পাইয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।