দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী ও পুলিশের ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় পরিচালিত অভিযানে ৪০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৪ জন বিএনপির এবং ৮৪ জন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মী। বাকি ২০৬ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।
সাতক্ষীরা: যৌথ বাহিনীর বিশেষ অভিযানে জেলার আটটি উপজেলা থেকে বিএনপির পাঁচজন, জামায়াত-শিবিরের ৩৪ জন কর্মীসহ ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ২৬ জন নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ: পুলিশ বলেছে, নাশকতার আশঙ্কায় জেলার তিন উপজেলায় বিএনপির দুজন ও জামায়াত-শিবিরের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
নীলফামারী: জেলার ছয় উপজেলায় বিশেষ অভিযানে জামায়াতের দুজন নেতাসহ বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জামায়াতের দুই নেতা হলেন কিশোরগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের সেক্রেটারি ফেরদৌস আলম এবং সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন জামায়াতের রুকন আহাদ আলী।
রংপুর: মঙ্গলবার রাতে জেলার আট উপজেলা থেকে বিএনপির ১০, জামায়াতের ১৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলা, চুরি, মাদক, ছিনতাইয়ের অভিযোগে আটক ও গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
দিনাজপুর: নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে জেলার ১৩ উপজেলা থেকে বুধবার যৌথ বাহিনী বিএনপির ১৮ জন ও জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মী এবং অন্যান্য মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করেছে।
চুয়াডাঙ্গা: উপজেলার দর্শনা থেকে গতকাল ভোররাতে পুলিশ জামায়াত-শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন শিবিরের দামুড়হুদা থানা শাখার সেক্রেটারি সাইফুল আলম ও দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আজিজুল ইসলাম।
সাতকানিয়া (চট্টগ্রাম): উপজেলার কেরানীহাট এলাকায় গতকাল সকালে পৃথক অভিযান চালিয়ে জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা রয়েছে।
নান্দাইল ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): গত মঙ্গলবার নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এর মধ্যে ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। অন্যদিকে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে ১৬ জনকে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক ও মাদক আইনে মামলা রয়েছে।
আত্রাই(নওগাঁ): নাশকতার সন্দেহে উপজেলা জামায়াতের সেক্রেটারি শওকত হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আদমদীঘি (বগুড়া): মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ চাপাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল জব্বারকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানায় পুলিশ। তাঁকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
গাইবান্ধা: গাইবান্ধার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ২২ জন জামায়াতের, ৬ জন শিবিরের ও ১৫ জন বিএনপির নেতা-কর্মী। বাকি ২০ জনকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকালই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট: কানাইঘাট, বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাঁদের মধ্যে কানাইঘাট উপজেলা জামায়াতের আমির আবদুল করিমসহ জামায়াত-শিবিরের ১৬ জন নেতা-কর্মী রয়েছেন। বাকি দুজন বিএনপির। পুলিশ বলছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। অভিযানের সময় আবদুল করিমের বাড়ি থেকে ১৫০টি ‘চকলেট বোমা’ উদ্ধার করা হয়েছে।