১২ জেলায় আরও ১০৩ জন আটক
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলমান হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান চলছেই। শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত ১২ জেলা থেকে যুবলীগ কর্মীসহ ১০৩ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন।
ফেনীর ছাগলনাইয়া থানা-পুলিশ গতকাল দুপুরে আনোয়ার হোসেন (৩০) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তিনি এলাকায় সক্রিয় যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের ১৪টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, আনোয়ার হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীকে আটক করেছে। এনায়েতপুর থানার উপপরিদর্শক আবদুল বারেক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আসাদ হোসেন জানান, সদরসহ বিভিন্ন থানা থেকে পুলিশ বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীকে আটক করেছে। এ ছাড়া, রায়গঞ্জ উপজেলা পুলিশ ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেনকে ( ৪৫) গ্রেপ্তার করেছে।
গাইবান্ধার সাতটি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
বগুড়ার শেরপুরে বিএনপির কর্মী শফিকুল ইসলাম (৩২) ও শেরপুর শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেলকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল ভোরে পুলিশ তাঁদের নিজ বাড়ি থেকে আটক করে।
মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বশির আহমদকে (৪৩) পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার রাতে মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ১৯ নেতা-কর্মীসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগরে ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী দুটি লেগুনায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। রাজশাহীতে গতকাল ভোরে একটি কাউন্টারের সামনে রাখা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হবিগঞ্জে ট্রেনে পেট্রলবোমা মারার ঘটনায় পুলিশ গতকাল ছয়জনকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুরে মো. হাবিবুর রহমান ওরফে সুমন শেখ (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব। চাঁদপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
যশোরের অভয়নগরে নওয়াপাড়া বেতার কেন্দ্রের সামনে চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় পুলিশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানসহ পাঁচজনকে আটক করেছে।