রাজশাহীতে ২০-দলীয় জোটের সমন্বয় সভায় ১২ দলেরই কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। গতকাল শনিবার রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে ওই সভা হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এলডিপি, ডেমোক্রেটিক লীগ, এনডিপি, ইসলামী ঐক্যজোট, খেলাফতে মজলিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাকি ১৩ দলের প্রতিনিধিরা কেন উপস্থিত ছিলেন না—এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবদলের আহ্বায়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘ওদের কর্মীরা এসেছিল। কিন্তু মহানগরের প্রতিনিধিত্ব করার মতো গুরুত্বপূর্ণ নেতা হয়তো এই পর্যায়ে নেই। সেই জন্যই আসেনি।’
সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত ওই প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ২০-দলীয় জোটের আহ্বায়ক মিজানুর রহমান মিনু। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আিমর আতাউর রহমান, মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ও ২০-দলীয় জোটের রাজশাহী মহানগরের সদস্যসচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, এনডিপির চেয়ারম্যান গোলাম মর্তুজা, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি ও জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লুৎফর রহমান বক্তব্য দেন।
সভায় নজরুল ইসলাম খান তীব্র আন্দোলন গড়ে তুলে সরকার উৎখাতে প্রস্তুতি নেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোনো অগণতান্ত্রিক সরকারই বাংলাদেশে টিকে থাকেনি। আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় এসেছে এবং তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন দেশ এখন অনির্বাচিত একটি সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। এখন যাঁরা সংসদে আছেন, তাঁরা সবাই অনির্বাচিত। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো অনির্বাচিত সরকার দিয়ে চলতে পারে না। তাই গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই তাদের বিদায় করতে হবে।