১২ বছর দায়িত্ব পালন করার পর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে আগের মেয়াদের সভাপতি ও সাধারণ সম্পাদকই ফের নির্বাচিত হলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন রমজান আলী এবং ভোটের মধ্য দিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন।
গত শনিবার বিকেলে নগরের আলুপট্টি বড় রাস্তায় নগর যুবলীগের সম্মেলনের প্রথম অধিবেশনের আয়োজন করা হয়। সন্ধ্যার পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় নগরের শাহমুখদুম কলেজে। এই অধিবেশন রাত ১০টা পর্যন্ত চলে।
মহানগর যুবলীগের সভাপতি পদে রমজান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোশাররফ হোসেন ও আগের কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার। এতে ৬২৬ জন কাউন্সিলর ভোট দেন। এর মধ্যে মোশাররফ পেয়েছেন ৪৭২ ভোট ও নাহিদ আক্তার পেয়েছেন ১৪৯ ভোট। নির্বাচন শেষে শনিবার রাত ১১টার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।