১২ বছর পর পীরগঞ্জে যুবলীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ শনিবার পৌর শহরের মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হবে। প্রায় ১২ বছর আগে ২০০৪ সালের ৩১ জুন সর্বশেষ উপজেলা যুবলীগের সম্মেলন হয়েছিল।
উপজেলা যুবলীগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৩১ জুন সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক কমিটি হয়। ওই সম্মেলনে মো. সাহজাহান আলী সরকারকে সভাপতি ও খোরশেদ আলম মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সেই থেকে তাঁরাই এখন পর্যন্ত দল পরিচালনা করছেন। ২০০৪ সালের নতুন কমিটির মেয়াদ ২০০৭ সালে শেষ হলেও সাংগঠনিক জটিলতার কারণে আর সম্মেলন হয়নি। এ অবস্থায় ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর যুবলীগের এক সাধারণ সভা হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়।
এ ঘটনার তিন বছর পর গত ১৯ নভেম্বর যুবলীগের এক বর্ধিত সভা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেনের। উদ্বোধন করবেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকার। বিশেষ অতিথি থাকবেন ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক হোসেন কুরাইশী, সংরক্ষিত আসনের সাংসদ ও জেলা সহসভাপতি সেলিনা জাহান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু টিটো দত্ত, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সম্পাদক আকতারুল ইসলাম, মেয়র কশিরুল আলম। সভাপতিত্ব করবেন সাহজাহান আলী সরকার।